দুই দিন ধরে দেনাদারের বাড়িতে ১৯ নারী
টাঙ্গাইলের সখীপুরে পাওনা টাকার দাবিতে দেনাদার আরিফুল ইসলাম ওরফে পানু ভেন্ডারের বাড়িতে দুই দিন ধরে অবস্থান নিয়েছেন দুই গ্রামের ১৯ জন নারী। উপজেলার লাঙ্গুলিয়া ও দেওবাড়ি গ্রামের ওই নারীরা আরিফুলের কাছে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা পাওনা বলে দাবি করেন।
আরিফুল উপজেলার লাঙ্গুলিয়া গ্রামের আরজ আলীর ছেলে। তিনি এলাকায় দলিল লেখক হিসেবে পরিচিত। পাওনাদারদের উপস্থিতি টের পেয়ে তিনি পালিয়ে যান।
খোঁজ নিয়ে জানা যায়, আরিফুল গ্রামের দুস্থ নারীদের দিয়ে বিভিন্ন বেসরকারি ঋণদানকারী সংস্থা থেকে টাকা তুলে বেশি সুদ দেওয়ার কথা বলে টাকা নেন। এভাবে এক বছর আগে আরিফুল দুই গ্রামের ১৯ জন নারীর কাছ থেকে প্রায় সাড়ে পাঁচ লাখ টাকা নিয়ে তা পরিশোধ না করে টালবাহানা শুরু করেন। গত এক মাস পাওনাদারেরা টাকা ফেরত চেয়ে নানাভাবে চাপ দেন। এদিকে ওই নারীরা বেসরকারি সংস্থার কাছ থেকে আনা টাকার কিস্তি দিতে না পেরে সংস্থার কর্মীদের চাপের মুখে রয়েছেন। এ অবস্থায় ওই নারীরা একত্র হয়ে গত সোমবার আরিফুলের বাড়িতে অবস্থান নেন।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় আরিফুলের বাড়িতে গিয়ে দেখা যায়, আরিফুলের শোয়ার ঘরের সামনে খেজুরপাতার বিছানায় নারীরা বসে আছেন। জরিনা বেগম (৫০) ১ লাখ ৮৭ হাজার টাকা পাওনা বলে দাবি করে বলেন, ‘টাকা না পাওয়ার আগে এই বাড়ি ছাড়ব না। এখানে প্রয়োজনে না খেয়ে মারা যাব।’
ছালেহা বেগম নামের আরেক নারী ৫৭ হাজার টাকা পাওনা বলে জানান। তিনি বলেন, ‘এই টাকা নিয়ে প্রতিদিন আমার সঙ্গে স্বামীর ঝগড়া হচ্ছে। আমার সংসার ভাঙার পথে। স্বামী বলে দিয়েছে যতক্ষণ পর্যন্ত ওই টাকা না আনতে পারব, ততক্ষণ আমাকে ঘরে তুলবে না।’
আরিফুলের বাবা আরজ আলী বলেন, ‘আমার ছেলে কোথায় পালিয়ে গেছে জানি না। ওর সঙ্গে মোবাইলেও যোগাযোগ করা যাচ্ছে না। ও এভাবে যে টাকা নিয়েছে তা আমার জানা ছিল না।’
ব্যুরো বাংলাদেশ নামের বেসরকারি ঋণদানকারী সংস্থার নলুয়া কার্যালয়ের মাঠকর্মী জয়নাল আবেদীন বলেন, ‘কয়েক মাস ধরে ওই নারীরা কিস্তি পরিশোধ করছে না। কিস্তি আদায় না করলে আমাদের চাকরিও থাকছে না। ফলে কিছুদিন ধরে ওই নারীদের আমরা চাপে রেখেছি।’
লাঙ্গুলিয়া গ্রামের বাসিন্দা ও দাড়িয়াপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন জানান, আরিফুল টাউট প্রকৃতির ছেলে। ও নারীদের লোভ দেখিয়ে নানা কৌশলে টাকা হাতিয়ে নিয়ে কেটে পড়েছে।
দাড়িয়াপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম বলেন, ‘নারীদের অবস্থানের খবর শুনে গত সোমবার দুপুরে ওই বাড়িতে গিয়ে ওই নারীদের কিছু খাবার কিনে দিয়ে এসেছি। গতকাল পর্যন্তও ওরা ওই বাড়িতেই আছে বলে শুনেছি।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, ‘নারীদের অবস্থানের খবর শুনেছি। বিষয়টি মীমাংসার জন্য চেয়ারম্যানকে বলেছি। এ ছাড়া পাওনাদারেরা অভিযোগ করলে ব্যবস্থা নেওয়া হবে।’