দুই দিন ধরে পানি ও বিদ্যুৎ নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠি সদর হাসপাতালে দুই দিন ধরে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ রয়েছে। এতে এই হাসপাতালে ভর্তি থাকা রোগীসহ চিকিৎসক ও কর্মচারীরা ভোগান্তির শিকার হচ্ছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, গত শুক্রবার সকালে ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এরপর থেকেই পুরো হাসপাতালে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। বিদ্যুৎ না থাকায় হাসপাতালে পানিও নেই।
গতকাল শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, চিকিৎসকেরা তাঁদের কক্ষে মোমবাতি জ্বালিয়ে রোগী দেখছেন। মোমের আলোতেই রোগীদের ওষুধ সরবরাহ করা হচ্ছে। এ সময় কয়েকজন চিকিৎসক-কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে, বিদ্যুৎ না থাকায় হাসপাতালে সব ধরনের অস্ত্রোপচার বন্ধ রয়েছে।
হাসপাতালে ভর্তি থাকা সদর উপজেলার বিকনা গ্রামের সালেহা বেগম (৪৫) বলেন, ‘আমি অপারেশনের রোগী। তিন দিন ধরে হাসপাতালে ভর্তি আছি। শুক্রবার থেকে বিদ্যুৎ নেই। বাথরুমে পানি নেই, গন্ধে বাথরুমে যাইতে পারি না। পানিও কিনে আনতে হয়।’ বেতলোচ গ্রামের বিপা মজুমদার (২২) বলেন, তিনি হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই বিদ্যুৎ নেই। বিদ্যুৎ না থাকায় পানিও নেই। এতে তাঁরা ভোগান্তির শিকার হচ্ছেন।
হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মানস কৃষ্ণ কুণ্ডু বলেন, ‘শুক্রবার সকালে হাসপাতালের একটি ট্রান্সফরমার বিকল হয়ে যায়। এরপর থেকে বিদ্যুৎ ও পানি সরবরাহ বন্ধ হয়ে গেছে। দুই দিন ধরে রোগীদের সঙ্গে আমাদেরও দুর্ভোগ পোহাতে হচ্ছে। আমরা বিষয়টি সিভিল সার্জনকে জানিয়েছি।’
সিভিল সার্জন আবদুর রহিম গতকাল সন্ধ্যা ছয়টার দিকে প্রথম আলোকে বলেন, ট্রান্সফরমার মেরামতের জন্য বরিশাল স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলীকে খবর দেওয়া হয়েছে। ট্রান্সফরমার মেরামত করতে কিছুটা সময় লাগতে পারে বলে তিনি জানান। বরিশাল স্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী গোলাম মাহাবুব বলেন, ‘আমরা এসে ট্রান্সফরমারটি দেখেছি। ইতিমধ্যে কাজ শুরু করা হয়েছে। আশা করি, শিগগিরই এ সমস্যার সমাধান হবে।’