গত শনিবার থেকে কুমিল্লা আঞ্চলিক পাসপোর্ট কার্যালয়ের সার্ভার বিকল হয়ে পড়ে আছে। এতে করে কয়েক শ গ্রাহক বিড়ম্বনায় পড়েছেন।
কুমিল্লা পাসপোর্ট কার্যালয়ের উপপরিচালকের ব্যক্তিগত কর্মকর্তা আসাদুজ্জামান বলেন, গত শনিবার কুমিল্লায় ঝড় হয়। ঝড়ের কারণে কার্যালয়ের সার্ভার বিকল হয়ে পড়ে। গত দুই দিনে ঢাকা থেকে লোক না আসায় সেটি মেরামত করা যায়নি। পাসপোর্টের জন্য গ্রাহকেরা প্রতিদিনই ভিড় করছেন। কিন্তু সার্ভার নষ্ট থাকায় রোববার ও গতকাল সোমবার কোনো পাসপোর্ট হস্তান্তর করা যায়নি।
কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ১০ নম্বর ভুলইন দক্ষিণ ইউনিয়নের আমুয়া গ্রামের জহিরুল ইসলাম বলেন, সরকারিভাবে মালয়েশিয়ায় যাওয়ার জন্য গত ৭ মার্চ মেশিন রিডেবল পাসপোর্টের (এমআরপি) জন্য তিনি আবেদন করেন। ২৮ মার্চ পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তিনি তা পাননি। গতকালও তিনি পাসপোর্ট কার্যালয়ে গিয়ে খালি হাতে ফিরে এসেছেন।