দুই দিন ধরে হাওর এলাকার সঙ্গে কিশোরগঞ্জের বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিশোরগঞ্জ ও করিমগঞ্জের চামড়া বন্দর রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। গত শনিবার সকালে ছাত্র ও বাস-শ্রমিকদের মধ্যে মারধরের জের ধরে ওই দিন দুপুর ১২টা পর্যন্ত বাস-শ্রমিকেরা বাস চলাচল বন্ধ করে দিয়েছে। এতে জেলার ইটনা, অষ্টগ্রাম, নিকলী ও মিঠামইন উপজেলার লোকজনসহ বৃহত্তর হাওরাঞ্চলের ১০টি উপজেলার ২২টি নৌরুটের যাত্রীরা জেলা সদরে যেতে পারছে না। পরিবহন মালিক সমিতি, শ্রমিক ইউনিয়ন ও কলেজ সূত্রে জানা যায়, শনিবার বেলা ১১টার দিকে কিশোরগঞ্জ-চামড়া সড়কের নিয়ামতপুর থেকে করিমগঞ্জ ডিগ্রি কলেজের ৮-১০ জন ছাত্র কলেজে যাওয়ার জন্য মিতু পরিবহনের একটি বাসে ওঠে। বাসে ভাড়া নিয়ে ছাত্রদের সঙ্গে কন্ডাক্টরের কথা কাটাকাটি হয়। এ ঘটনা ছাত্ররা মোবাইল ফোনে কলেজে তাদের সহপাঠীদের জানায়। বাসটি কলেজের সামনের সড়কে পৌঁছার পর ছাত্ররা বাসের চালক রুবেল মিয়া ও সহকারী মাজু মিয়াকে মারধর করে। এ অবস্থায় বাসচালক বাসে থাকা সাতজন ছাত্রকে নিয়ে কোনো স্ট্যান্ডে না থামিয়ে বেপরোয়া গতিতে কিশোরগঞ্জ সদরের সতাল বাসস্ট্যান্ডে নিয়ে যায়। বাসস্ট্যান্ডে উপস্থিত শ্রমিকেরা লাঠিসোটা দিয়ে ছাত্রদের বেধড়ক মারধর করে আটকে রাখে।পরে বাস-শ্রমিকেরা ছাত্রদের হাতে লাঞ্ছিত হওয়ার অভিযোগ তুলে শনিবার দুপর ১২টা থেকে বাস চলাচল বন্ধ করে দেয়। তারা সড়কে এলোপাতাড়ি বাস রেখে প্রতিবন্ধকতার সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, সড়েকের প্রতিবন্ধকতা সরানো হয়েছে। বাস ছাড়া অন্য পরিবহন চলাচল করছে। আহত ছাত্র সোহেল ও রোমান জানান, ‘আমাদের কলেজে নামার কথা, চালক বাসটি কোথাও না থামিয়ে বাসস্ট্যান্ডে নিয়ে মারধর করে আটকে রাখে। দীর্ঘক্ষণ পরে ছেড়ে দেয়।’বাসচালক রুবেল মিয়া জানান, ছাত্ররা অন্যায়ভাবে তাঁকে ও সহকারীকে মারধর করেছে। করিমগঞ্জ কলেজের (ভারপ্রাপ্ত) শাখাওয়াত্ হোসেন বলেন, ছাত্রদের সঙ্গে বাস-শ্রমিকেরা প্রায়ই দুর্ব্যবহার করে। শনিবারের ঘটনায় বাস-শ্রমিকেরাই দায়ী।কিশোরগঞ্জ জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি শাহজাহান লস্কর জানান, ‘আজ (গতকাল) কলেজ কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকের কথা ছিল। বৈঠকের আগে সকাল থেকে বাস চলাচলের সিদ্ধান্ত নেওয়া হয়। কিন্তু কতিপয় ছাত্র বৈঠকের আগে শর্ত জুড়ে দেওয়ায় বৈঠক হয়নি।’করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, শ্রমিকেরাই ছাত্রদের সতাল বাসস্ট্যান্ডে নিয়ে মারপিট করে আহত করেছে। সড়কের প্রতিবন্ধকতা তুলে দেওয়া হয়েছে।কিশোরগঞ্জের জেলা প্রশাসক মো. শাহ কামাল গতকাল সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, ‘রাতে (গতকাল) কলেজ কর্তৃপক্ষ ও পরিবহন মালিক ও শ্রমিক পক্ষকে বৈঠকে ডাকা হয়েছে। আশা করছি সমাধান হয়ে যাবে।’