দুই দিন বন্ধ থাকার পর বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকাজ শুরু
চট্টগ্রামের বেসরকারি একটি বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ কিছু লোকের বাধার মুখে দুই দিন বন্ধ ছিল। গত বুধবার আবার কাজ শুরু হয়েছে।জানা গেছে, নগরের পতেঙ্গা থানাধীন মুসলিমাবাদ জেলেপাড়ায় একটি বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করছে এনার্জিপ্যাক কনফিডেন্স পাওয়ার ভেঞ্চার লিমিটেড (ইসিপিভি)। ড্রেজিংয়ের কাজে নিয়োজিত ঠিকাদারি প্রতিষ্ঠান তাবাসসুম এন্টারপ্রাইজের কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, গত রোববার নগরের ৪০ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন প্রকল্প এলাকায় এসে কাজে বাধা দেন। চাঁদা না দিলে কাজ করতে দেওয়া হবে না বলে তিনি শাসিয়ে যান। এ সময় স্থানীয় অনেকে সাগরপাড়ে তাঁদের জায়গা আছে বলে দাবি করেন। এ অবস্থায় ড্রেজিংয়ের কাজ বন্ধ করে দেওয়া হয়। প্রকল্প পরিচালক এম এমদাদুল হক বলেন, পরে সব পক্ষের সঙ্গে সমঝোতা হয়েছে। তাঁরা সবাই সহযোগিতার আশ্বাস দিয়েছেন। বুধবার থেকে আবার কাজ শুরু হয়েছে।চাঁদা দাবি ও কাজে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন শাহাদাত হোসেন।৪০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আবদুল বারেক বলেন, ‘প্রকল্পের লোকজন রাতের বেলা বেড়িবাঁধের বালু তুলছেন বলে এলাকাবাসী অভিযোগ করেছেন।’সহকারী প্রকল্প প্রকৌশলী সোলায়মান হাসান বলেন, ‘বেড়িবাঁধের কোনো বালু আমরা তুলে আনছি না। আমরা নিজেরাই যেখানে এ এলাকায় প্রকল্পের কাজ করছি, সেখানে আমরা কেন বেড়িবাঁধের ক্ষতি করব।’