দুই দিন সূর্যের দেখা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিন ধরে চট্টগ্রামে সূর্যের দেখা মেলেনি। টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। গতকাল শনিবার বৃষ্টির সময় নগরের কিছু নিচু এলাকায় পানি উঠলেও তা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

পতেঙ্গা আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে, শনিবার বেলা তিনটা পর্যন্ত পূর্ববর্তী ২৪ ঘণ্টায় ১৭০ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। গতকাল সকাল ১০টায় নতুন করে ২৪ ঘণ্টার জন্য ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর।

পূর্বাভাসে বলা হয়, মৌসুমি বায়ু সক্রিয় থাকার কারণে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও আগামী ২৪ ঘণ্টায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সিলেট ও চট্টগ্রাম বিভাগে পাহাড়ধস হওয়ার আশঙ্কাও প্রকাশ করা হয়।

এদিকে গতকাল থেমে থেমে চট্টগ্রামে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টিতে রাস্তাঘাটে যানবাহনের সংখ্যা কমে যায়। বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষার্থী উপস্থিতিও তুলনামূলক কম ছিল। টানা বৃষ্টিতে যানবাহন স্বল্পতার জন্য ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে। রিকশা ও সিএনজিচালিত অটোরিকশার বাড়তি ভাড়াও দাবি করা হয়।

নগরের লাভ লেন মোড় থেকে প্রবর্তক এলাকায় আসতে মো. মুনির নামে এক ব্যক্তিকে ৮০ টাকা সিএনজিচালিত অটোরিকশার ভাড়া দিতে হয়েছে। তিনি বলেন, স্বাভাবিক সময়ে এই ভাড়া ৬০ টাকা। ৮০ টাকা দিয়েও চালক বাড়তি ২০ টাকা দাবি করে।

বৃষ্টির কারণে নগরের বাকলিয়া, হালিশহর, আগ্রাবাদসহ কয়েকটি নিচু এলাকায় পানি ওঠে।