দুই দিনব্যাপী গণিত ও পদার্থবিজ্ঞান উৎসবের উদ্বোধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুর সায়েন্স একাডেমির আয়োজনে দিনাজপুরে দুই দিনব্যাপী নবম গণিত ও ষষ্ঠ পদার্থবিজ্ঞান উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। ডিসি মীর খায়রুল আলম সকাল নয়টায় দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে উৎসবের উদ্বোধন করেন।
অনুষ্ঠানে দিনাজপুর স্কুল অব লিবারেটরসের শিক্ষার্থীরা জাতীয় সংগীত পরিবেশন করে। বিশেষ অতিথি হিসেবে ডিসি জাতীয় পতাকা এবং সায়েন্স একাডেমির পতাকা উত্তোলন করেন সংগঠনটির সভাপতি বিকাশ চন্দ্র সরকার।
উপস্থিত ছিলেন দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উদ্যানতত্ত্ব বিভাগের শিক্ষক বিধান চন্দ্র হালদার, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজ আশরাফ প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে দিনাজপুর সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ে দুই ঘণ্টাব্যাপী গণিত, পদার্থবিজ্ঞান ও প্রাথমিক বিভাগের শিক্ষার্থীদের জন্য সায়েন্স কুইজ বিষয়ে লিখিত পরীক্ষা হয়। দ্বিতীয় দিন আজ শনিবার সকাল নয়টায় দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিজ্ঞান বিতর্ক, বিজ্ঞান কুইজ, বিজ্ঞান গেমস, বিজ্ঞান প্রদর্শনী, মুক্তিযুদ্ধকে জানি ও প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠান শেষে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিমসহ বিশেষ অতিথিরা বিজয়ীদের হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেবেন।