দুই দিনব্যাপী জাতীয় পদার্থবিজ্ঞান সম্মেলন শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল মঙ্গলবার থেকে পদার্থবিজ্ঞানের ওপর জাতীয় সম্মেলন শুরু হয়েছে। দুই দিনব্যাপী এই সম্মেলনের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগ। বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, গতকাল মঙ্গলবার সকাল সাড়ে নয়টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে সম্মেলনের উদ্বোধন করেন উপাচার্য মো. সালেহ উদ্দিন। সম্মেলনের আহ্বায়ক অধ্যাপক ইয়াসমীন হকের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কোষাধ্যক্ষ ইলিয়াস উদ্দিন বিশ্বাস। এ সময় অন্যদের মধ্যে বক্তব্য দেন সম্মেলনের সদস্যসচিব আবদুল হান্নান, অধ্যাপক শরীফ মো. শরাফ উদ্দিন প্রমুখ।বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয় প্লেনারি সেশন। এ সেশনে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য ছদরুদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বুয়েটের অধ্যাপক আলী আসগর।সম্মেলনে বিভিন্ন সেশনে সভাপতিত্ব করেন অধ্যাপক ইয়াসমীন হক, অধ্যাপক সুশান্ত কুমার দাস, অধ্যাপক নাজিয়া চৌধুরী, অধ্যাপক আকতারুল ইসলাম।সম্মেলনে বিভিন্ন প্রবন্ধের ওপর আলোচনা করেন বুয়েটের অধ্যাপক আলী আসগর, সাউথইস্ট ইউনিভার্সিটির উপাচার্য শমসের আলী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক আরশাদ মোমিন, ভারতের আসাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অশোক কে সেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক অরুণ কুমার দেব, শাবিপ্রবির সিএসই বিভাগের প্রধান অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল প্রমুখ। সম্মেলনের দ্বিতীয় দিন আজ বুধবার বিকেলে অন্য নির্ধারিত সেশন ছাড়াও বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ‘বাংলাদেশে বিজ্ঞান শিক্ষা জনপ্রিয়করণ’ শীর্ষক এক মুক্ত আলোচনা অনুষ্ঠিত হবে।