নেত্রকোনার পূর্বধলা জগৎমণি পাইলট উচ্চবিদ্যালয়ের দুই দিনব্যাপী শতবর্ষপূর্তি উৎসব গতকাল শুক্রবার শুরু হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণ থেকে একটি শোভাযাত্রা বের হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে জাতীয় পতাকা উত্তোলন ও পায়রা অবমুক্ত করে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথি অর্থ প্রতিমন্ত্রী এম এম মান্নান।
এ উৎসবে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান কয়েক হাজার শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘদিন পর অনেক সহপাঠীর সঙ্গে দেখা হওয়ায় তাঁরা একে অপরকে বুকে জড়িয়ে ধরেন ও কুশল বিনিময় করেন।
স্থানীয় সাংসদ ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ওয়ারেসাত হোসেনের (বীর প্রতীক) সভাপতিত্বে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও শতবর্ষ উদ্যাপন কমিটির সদস্যসচিব সুধাংশু শেখর তালুকদার স্বাগত বক্তব্য দেন। বক্তব্য দেন প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ সাজ্জাদুল হাসান, ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, জেলা প্রশাসক মো. মুশফিকুর রহমান, ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার প্রলয় কুমার জোয়ারদার, উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদুল ইসলাম প্রমুখ। বিকেলে স্মৃতিচারণা পর্ব শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।
উৎসবের দ্বিতীয় দিন আজ শনিবার বেলা সাড়ে তিনটার দিকে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মুহম্মদ জাফর ইকবাল ও প্রধান আলোচক হিসেবে বিশিষ্ট প্রাবন্ধিক ও শিক্ষাবিদ যতীন সরকার উপস্থিত থাকবেন। সন্ধ্যায় নকুল কুমার বিশ্বাসের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান ও জাদুশিল্পী আলমগীরের জাদু প্রদর্শনের আয়োজন করা হয়েছে।