সকাল থেকে বিভিন্ন সাজে নানা বয়সী চিকিৎসকদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয় প্রাঙ্গণ। অনেক বছর পর পরিচিত বন্ধু, সহপাঠী আর প্রিয় শিক্ষকের মুখ দেখে একে অপরকে জড়িয়ে ধরে আবেগাপ্লুত হয়ে যান। গতকাল শুক্র ও শনিবার দুই দিনব্যাপী কলেজের ৫০ বছর উদ্যাপন করতে সুবর্ণজয়ন্তী অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুই দিনব্যাপী এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আ ফ ম রুহুল হক।প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আ ফ ম রুহুল হক বলেন, ‘স্বাধীনতা না এলে আজকের এই সুবর্ণজয়ন্তী করা হতো না। অনেক সমস্যা থাকার পরও গ্রামে চিকিৎসকদের দায়িত্ব পালন করতে হবে। কেননা, সংসদে আমাকে বেশি প্রশ্নের সন্মুখীন হতে হয়।’সুবর্ণজয়ন্তী উদ্যাপন পরিষদের আহ্বায়ক ও কলেজের সাবেক শিক্ষার্থী ও অধ্যক্ষ শাহ মনির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর স্বাস্থ্য ও পরিবারকল্যাণ ও সমাজকল্যাণ-বিষয়ক উপদেষ্টা অধ্যাপক সৈয়দ মোদাচ্ছের আলী, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রী ও কলেজের সাবেক ছাত্র ক্যাপ্টেন (অব.) মজিবর রহমান ফকির, বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির সভাপতি ও সদর আসনের সাংসদ অধ্যক্ষ মতিউর রহমান, মুক্তাগাছা উপজেলার সাংসদ কে এম খালেদ ও কলেজের অধ্যক্ষ মতিউর রহমান।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক আবদুল আজিজ, বিএমএ ময়মনসিংহের সভাপতি এ এফ এম রফিকুল আলম, সাধারণ সম্পাদক মতিউর রহমান ভূঁইয়া, বাংলাদেশ পেশাজীবী সমন্বয় পরিষদের মহাসচিব কামরুল হাসান খান, উদ্যাপন পরিষদের সদস্য সচিব হাবীব মিল্লাত প্রমুখ। বক্তারা ময়মনসিংহ চিকিৎসা মহাবিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ চিকিৎসা মহাবিদ্যালয় করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।