নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে অবৈধভাবে মাটি কেটে নেওয়ায় দুই দিনে চারটি খননযন্ত্র ও দুটি বাল্কহেড জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত।
এর মধ্যে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবিনা ইয়াসমিন গতকাল শুক্রবার এবং উপজেলার সহকারী কমিশনার (ভূমি) কে এম আল আমিন গত বৃহস্পতিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। কে এম আল আমিন জানান, বৃহস্পতিবার সোনারগাঁর কাইকারটেক এলাকায় ব্রহ্মপুত্র নদের তীর থেকে ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময় অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত, কোস্টগার্ড ও পুলিশ সদস্যদের উপস্থিতি টের পেয়ে খননযন্ত্র (ড্রেজার) ও বাল্কহেডের (বালু বহনের নৌযান) শ্রমিকেরা পালিয়ে যান। এ সময় হ্যাপি রিমা ও খাজা বাবা নামের দুটি খননযন্ত্র এবং আল্লাহু আকবর ও মায়ের দোয়া নামের দুটি বাল্কহেড জব্দ করা হয়। খননযন্ত্র ও বাল্কহেড সোনারগাঁ থানার পুলিশের হেফাজতে রয়েছে। ইউএনও সাবিনা ইয়াসমিন জানান, গতকাল ব্রহ্মপুত্র নদের শম্ভুপুরা এলাকায় ফসলি জমির মাটি অবৈধভাবে কেটে নেওয়ার সময় মুমু ড্রেজিং প্রকল্প ও সামসুল ইসলাম ড্রেজিং প্রকল্প নামের আরও দুটি খননযন্ত্র জব্দ করা হয়। খননযন্ত্রগুলো শম্ভুপুরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আবদুর রউফের জিম্মায় রাখা হয়েছে। জব্দ হওয়া খননযন্ত্র ও বাল্কহেডের মালিকদের বিরুদ্ধে মামলা করা হবে বলে জানিয়েছেন ইউএনও।