দুই দিনে জাল টাকার সাত মামলায় জামিন
সূত্রাপুর থানায় করা জাল টাকা উদ্ধারের একটি মামলায় একজন আসামি ‘অস্বাভাবিক’ জামিন পেয়েছেন বলে অভিযোগ উঠেছে। রাষ্ট্রপক্ষ বলছে, ওই জামিনের আবেদনের বিষয় তারা জানে না। তবে আদালতের আদেশে লেখা আছে, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জামিনের বিরোধিতা করেছেন। ঢাকার মহানগর দায়রা জজ আদালতের অবকাশকালীন বিচারক এ এস এম আমিনুল ইসলাম ১৯ ডিসেম্বর এই জামিন দেন। অবকাশকালীন আদালতের প্রথম অধিবেশনে ১২ ডিসেম্বর তিনি জাল টাকা উদ্ধারের পর করা আরও সাতটি মামলায় নয় আসামিকে জামিন দিয়েছেন। এদের মধ্যে এক আসামি তিনটি মামলায় জামিন পেয়েছেন। দ্বিতীয় অধিবেশন হয় ১৯ ডিসেম্বর। ওই দিন তিনি প্রকাশ্য আদালতে জাল টাকার মামলায় কোনো জামিন দেবেন না বলে জানালেও পরে এক আসামিকে জামিন দেন। গতকাল তৃতীয় অধিবেশনে ২২১টি জামিনের আবেদনের শুনানি গ্রহন করেছেন অবকাশকালীন এই আদালত। সংশ্লিষ্ট আইনজীবীরা জানান, গত সন্ধ্যা পর্যন্ত তিনি কোনো আদেশ দেননি। সূত্রাপুরের মামলা: আদালত সূত্রে জানা যায়, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) ২৫ নভেম্বর অভয় দাস লেন থেকে জাল ৪০ হাজার টাকাসহ ইকবাল হোসেন (২৯) নামের একজনকে গ্রেপ্তার করে। বিশেষ ক্ষমতা আইনের ২৫ (ক) ধারায় সূত্রাপুর থানায় এ ঘটনায় মামলা হয়। ১৯ ডিসেম্বর আসামি ইকবাল হোসেনের পক্ষে আইনজীবী গাজী শাহ আলম জামিন চেয়ে ফৌজদারি বিবিধ আবেদন করেন। ওই আদালতে উপস্থিত অন্য মামলার আইনজীবী শামীমা আক্তার প্রথম আলোকে বলেন, পল্লবী থানার জাল টাকার একটি মামলায় ওই আদালতে তাঁর মক্কেলের জামিন শুনানির দিন ধার্য ছিল ১৯ ডিসেম্বর। কিন্তু বিচারক প্রকাশ্য আদালতে জানিয়ে দেন, জাল টাকার কোনো মামলায় তিনি জামিন দেবেন না। অথচ ওই দিনই বিচারক সূত্রাপুর থানার জাল টাকা উদ্ধারের মামলায় এক আসামিকে অস্বাভাবিকভাবে জামিনে মুক্তির আদেশ দেন। আদেশে বলা হয়, ওই মামলায় জামিনের আবেদন গ্রহণ করে আদালত ১৩ জানুয়ারি শুনানির তারিখ ধার্য করেন। কিন্তু পরে মানবিক কারণে ১৯ ডিসেম্বরই জামিনের আদেশ দেন। জানতে চাইলে ইউএনডিপির জাতীয় আইন পরামর্শক (ফৌজদারি কার্যবিধি) এহসানুল হক সমাজী প্রথম আলোকে বলেন, ফৌজদারি কার্যবিধির ৪৯৭ ধারায় মানবিক কারণে কোনো আসামিকে জামিন দেওয়ার সুযোগ নেই। এই ধারায় শুধু বয়স্কা নারী, শিশু ও অক্ষম ব্যক্তির জামিনের বিষয় বিবেচনা করার সুযোগ আছে।পুলিশের অপরাধ তথ্য ও প্রসিকিউশন বিভাগের সহকারী কমিশনার আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, আদালত শুনানির শুরুতেই বলে দেন জাল টাকার কোনো মামলায় তিনি জামিন দেবেন না। ফলে তাঁর জানামতে, ১৯ ডিসেম্বর জাল টাকার কোনো মামলায় কাউকে জামিন দেওয়া হয়নি। কিন্তু জামিন আদেশে আদালত বলেছেন, রাষ্ট্রপক্ষের কৌঁসুলি জামিনের বিরোধিতা করেছেন—এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে আমিনুর রহমান বলেন, ‘সূত্রাপুর থানার মামলার জামিনের বিষয়ে আমি কিছু জানি না।’ অন্য সাত মামলায় ৯ জনের জামিন: অবকাশকালীন এই আদালত প্রথম অধিবেশনে ১২ ডিসেম্বর রাজধানীর মোহাম্মদপুর থানায় করা ২৪ লাখ ৩১ হাজার জাল টাকা ও টাকা তৈরির সরঞ্জাম উদ্ধারের মামলার আসামি পলাশকে জামিন দেন। আমিনুর রহমান বলেন, ওই দিন আদালত উত্তরা, সবুজবাগ, সূত্রাপুর, দক্ষিণখান ও গুলশানের পৃথক সাতটি জাল টাকা উদ্ধারের মামলায় নয়জনকে জামিন দিয়েছেন। জামিনপ্রাপ্ত আসামিরা হলেন, আসাদুজ্জামান, সাজ্জাত, জাহাঙ্গীর, নূরুল আবছার, এখলাস, পলাশ ও আরিফ। এর মধ্যে পলাশ দক্ষিণখান, উত্তরা ও মোহাম্মদপুর থানার পৃথক তিন মামলার আসামি। আদালত সূত্র জানায়, জাল টাকা উদ্ধারের ঘটনায় চলতি বছরের অক্টোবর-নভেম্বর মাসে রাজধানীর বিভিন্ন থানায় ১২টি মামলা হয়। পুলিশের সূত্র জানায়, এসব মামলার অধিকাংশ আসামিই জামিনে বেরিয়ে গেছেন। রাষ্ট্রপক্ষ দাবি করেছে, তারা বিরোধিতা করার পরও আসামিরা জামিনে বেরিয়ে যাচ্ছেন।