দুই দিনে তিন দফা ভূকম্পন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, নারায়ণগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা, ফরিদপুর, সিরাজগঞ্জসহ দেশের বেশ কিছু জেলায় গত শুক্রবার এবং রংপুর ও জয়পুরহাটসহ উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে গত শনিবার তিন দফা ভূকম্পন অনুভূত হয়েছে।ভূমিকম্পে চাঁদপুর ও নারায়ণগঞ্জ শহরে দুটি করে চারটি ভবনে ফাটল দেখা দিয়েছে। এ ছাড়া তেমন কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে ভূমিকম্পের আতঙ্কে অনেক লোক রাস্তায় নেমে আসে। কেউ কেউ আতঙ্কে দোতলা ভবন থেকে লাফ দেন। ঢাকায় আবহাওয়া দপ্তরের ভূকম্পনবার্তায় বলা হয়েছে, গত শুক্রবার রাত ১০টা ৩৯ মিনিট ৫৭ দশমিক ৯ সেকেন্ডে চাঁদপুর-শরীয়তপুর সীমান্তবর্তী অঞ্চলে রিখটার স্কেলে তিন দশমিক ছয় মাত্রা ও ওই দিন রাত ১১টা ২৪ মিনিট ১৬ দশমিক ৬ সেকেন্ডে মাদারীপুর-গোপালগঞ্জ সীমান্তবর্তী অঞ্চলে চার দশমিক ছয় মাত্রা এবং পরের দিন গত শনিবার দুপুর একটা দুই মিনিট নয় দশমিক ৪৭ সেকেন্ডে ভারতের আসাম-মেঘালয় সীমান্তবর্তী অঞ্চলে পাঁচ দশমিক দুই মাত্রার ভূমিকম্প হয়। শনিবারের ভূমিকম্প ভারতে উৎপত্তি হলেও উত্তরাঞ্চলের বিভিন্ন স্থানে তা মৃদু অনুভূত হয়।ঢাকার বাইরে আমাদের নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর: চাঁদপুর: শুক্রবার রাতের দুই দফা ভূমিকম্পে চাঁদপুর জেলা শহর ও মতলব দক্ষিণ উপজেলার অধিকাংশ লোক আতঙ্কিত হয়ে পড়ে। মৎস্য গবেষণা ইনস্টিটিউট চাঁদপুর নদী কেন্দ্রের আবাসিক ভবনের বাসিন্দা মামুনুর রশিদ জানান, ভূমিকম্পে তাঁদের আবাসিক একটি তিনতলা ভবনে ফাটল এবং তা পূর্ব পাশে কিছুটা হেলে পড়েছে। এ ছাড়া আরেকটি ভবনের দোতলার মেঝেতে ফাটল ধরেছে।শহরের মমিনপাড়ার খোকা জানান, ভূমিকম্পের আতঙ্কে তাঁরা দোতলার বাসা থেকে দ্রুত নিচে নেমে পড়েন। মতলব দক্ষিণ উপজেলার তারিক জানান, তাঁদের পুরোনো দোতলা পাকা ঘর যেভাবে কেঁপে ওঠে তাতে তাঁরা আতঙ্কে নিচে লাফ দেন। চাঁদপুর আবহাওয়া দপ্তরের উচ্চমান পর্যবেক্ষক অজয় কুমার দাস জানান, চাঁদপুরে একজন সাধারণ মানুষের মতো তিনিও ভূকম্পন অনুভব করেছেন। তবে ভূকম্পন মাপার মতো কোনো যন্ত্রপাতি তাঁদের নেই। ঢাকা আবহাওয়া দপ্তরের বরাত দিয়ে তিনি বলেন, সারা দেশের মধ্যে চাঁদপুরে সবচেয়ে বেশি রিখটার স্কেলে চার থেকে পাঁচ মাত্রায় ভূমিকম্প হয়েছে। এর মধ্যে ১০টা ৪০ মিনিটে প্রায় এক সেকেন্ড এবং ১১টা ২৪ মিনিটে এক সেকেন্ডের বেশি ভূমিকম্প হয়।নারায়ণগঞ্জ: শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে হওয়া ভূমিকম্পে শহরের চাষাঢ়ার বঙ্গবন্ধু সড়কে পাশাপাশি অবস্থিত তেরোতলাবিশিষ্ট লুৎফা টাওয়ার ও সাততলাবিশিষ্ট প্যানোরমা প্লাজার মধ্যের দেয়ালে ফাটলের সৃষ্টি হয়েছে। শত শত মানুষ ভবনটি দেখতে ভিড় জমায়। এ ছাড়া অন্য কোথাও ক্ষতির খবর পাওয়া যায়নি।প্যানোরমা প্লাজার শ্রাবন্ত কসমেটিকস নামের দোকানের মালিক আবদুল আজিজ জানান, ভূমিকম্পের সময় তিনি দোকানে ছিলেন। ওই সময় মার্কেটটি নৌকার মতো দুলছিল বলে তাঁর মনে হয়েছে। মার্কেটে ঈদের কেনাকাটা করতে আসা লোকজন ও দোকানিরা আতঙ্কে অনেকে রাস্তায় নেমে আসেন। এর আগে কখনো এমন ভূমিকম্প দেখেননি বলে জানান আজিজ। কুমিল্লা: ভূকম্পনে জেলার বরুড়া ও বুড়িচং উপজেলার নিমসারে কয়েকটি মাটির ঘরের দেয়াল ফেটে যায়। শহরের ধর্মপুর এলাকার বাসিন্দা কামরুন্নাহার জানান, ভূমিকম্পের সময় তাঁরা বাসা থেকে দৌড়ে রাস্তায় চলে যান।ফরিদপুর: শুক্রবার ভূমিকম্পে ফরিদপুর শহরসহ আশপাশের এলাকা কেঁপে ওঠে। শহরের ঝিলটুলী এলাকার গৃহবধূ জয়ন্তী সরকার জানান, ‘হঠাৎ আমাদের দোতলা ভবন নড়ে ওঠে। এতে ভবনধসের আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ি।’ফরিদপুর আঞ্চলিক আবহাওয়া দপ্তরের দায়িত্বরত কর্মকর্তা এস এম সুরজুল আমীন বলেছেন, ফরিদপুরে ভূমিকম্প পাঁচ থেকে সাত সেকেন্ডের জন্য স্থায়ী হয়েছিল। সিরাজগঞ্জ: উল্লাপাড়াসহ জেলার নয়টি উপজেলায় শুক্রবার রাত ১১টা ২৫ মিনিটের দিকে ভূকম্পন অনুভূত হয়। এতে লোকজন চরম আতঙ্কে রাত কাটায় বলে জানা গেছে। রংপুর: রংপুরে ঈদুল ফিতরের দিন শনিবার দুপুর একটা তিন মিনিটের দিকে মৃদু ভূকম্পন অনুভূত হয়। ওই সময় বৃষ্টি হওয়া সত্ত্বেও লোকজন আতঙ্কে ঘরের বাইরে বের হয়ে আসে। রংপুর আবহাওয়া দপ্তর সূত্র জানায়, ভূকম্পনের মাত্রা ছিল রিখটার স্কেলে চার দশমিক পাঁচ। জয়পুরহাট: শনিবার দুপুরে জেলার বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্পের খবর পাওয়া গেছে। সদর উপজেলার দুর্গাদগ গ্রামের কৃষক মানিক কর্মকার ও আবু মুসা জানান, কয়েক সেকেন্ডের ভূমিকম্পে তাঁদের ঘরের আসবাবপত্র নড়ে ওঠে।