দুই দিনে ত্রাণের বরাদ্দ তিন গুণ

সরকার গত দুই দিনে বন্যার্তদের জন্য চাল ও বরাদ্দ প্রায় তিন গুণ এবং নগদ টাকার পরিমাণ দ্বিগুণ বাড়িয়েছে। একই সময়ে বন্যায় আক্রান্ত জেলার সংখ্যা একটি ও বন্যার্ত মানুষের সংখ্যা ৯ লাখ বেড়েছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
গতকাল শনিবার বিকেলে চলমান বন্যা পরিস্থিতি নিয়ে আন্তমন্ত্রণালয় বৈঠক বসে। দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ বৈঠকে ২৩টি মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তবে নতুন করে বরাদ্দ দেওয়া ওই ত্রাণের কতটুকু বন্যার্ত মানুষের কাছে পৌঁছেছে, তার কোনো হিসাব বৈঠকে তুলে ধরা হয়নি।
বিকেলেই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বন্যা পরিস্থিতি মোকাবিলায় নেওয়া ২২টি সিদ্ধান্ত ১০টি মন্ত্রণালয় ও বিভাগের কাছে পাঠানো হয়েছে। বন্যা মোকাবিলায় কে কোন দায়িত্ব পালন করবেন, তা এতে সুনির্দিষ্ট করে দেওয়া হয়েছে। এতে বন্যার্ত মানুষদের বিশুদ্ধ পানি সরবরাহ, দুর্গম ও চর এলাকায় আটকে পড়া মানুষদের উদ্ধার ও ক্ষতিগ্রস্ত-ঝুঁকিপূর্ণ বাঁধগুলো রক্ষায় সেনাবাহিনীর সহায়তা নেওয়া যেতে পারে বলে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। ১৬ আগস্ট প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত সভায় এসব সিদ্ধান্ত নেওয়ার জন্য বৈঠক ও আলোচনা হয়েছিল।
গতকালের আন্তমন্ত্রণালয়ের বৈঠকে জানানো হয়, গতকাল পর্যন্ত ২৭ জেলায় বন্যাকবলিত মানুষের সংখ্যা ছিল ৫৭ লাখ। মৃত্যু হয়েছে ৯৩ জনের। দুই দিন আগে ২৫ জেলায় বন্যাকবলিত মানুষের সংখ্যা ছিল ৪৮ লাখ। বন্যার্তদের জন্য গতকাল পর্যন্ত ২০ হাজার ৪০০ টন চাল ও ৬ কোটি ৫৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ৯ আগস্ট শুরু হওয়া এই বন্যায় ১৬ আগস্ট পর্যন্ত অর্থাৎ প্রথম সাত দিনে বরাদ্দ ছিল ৭ হাজার টন চাল ও সোয়া ২ কোটি টাকা। গত দুই দিনে ২৭টি জেলাতেই চাল ও টাকার বরাদ্দ প্রায় তিন গুণ বাড়ানো হয়।
বন্যা মোকাবিলায় সরকারের উদ্যোগ ধীরগতিতে চলছে এমন সমালোচনার মধ্যে সরকারের তরফ থেকে বরাদ্দের পরিমাণ বাড়ানো হলো। আন্তমন্ত্রণালয়ের বৈঠকে সরকারি নানা উদ্যোগ বাড়ানোর পাশাপাশি আগামী ফসল না ওঠা পর্যন্ত বেসরকারি সংস্থাগুলোকে ক্ষুদ্রঋণের কিস্তি না নেওয়ারও অনুরোধ জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
চলমান বন্যা ব্যবস্থাপনা ও ত্রাণ নিয়ে জানতে চাইলে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) বিশেষ ফেলো এম আসাদুজ্জামান প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত বন্যার্তদের যে ত্রাণ ও সহায়তা দেওয়া হচ্ছে, তা খুবই অপ্রতুল। বন্যার পূর্বাভাস অনেক আগে থেকেই ছিল। কিন্তু সে তুলনায় যথেষ্ট ভালো প্রস্তুতি দেখা যায়নি।
অবশ্য হঠাৎ বরাদ্দ বাড়ানো সম্পর্কে জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব শাহ কামাল প্রথম আলোকে বলেন, প্রত্যেক জেলা প্রশাসকের কার্যালয়ে দুর্যোগ মোকাবিলার জন্য আগাম ত্রাণ হিসেবে চাল ও নগদ টাকা বরাদ্দ থাকে। এ ছাড়া শুরু থেকেই নিয়মিতভাবে ত্রাণের পরিমাণ বাড়ানো হয়েছে।
আন্তর্জাতিক মান অনুযায়ী, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগে একেকজন প্রাপ্তবয়স্ক মানুষের দিনে ২ হাজার ৩০০ কিলোক্যালরি খাদ্য পাওয়া উচিত। সরকার ত্রাণ দেওয়ার ক্ষেত্রে ন্যূনতম ক্যালরি চাহিদা পূরণ করছে কি না, এমন প্রশ্নের জবাবে দুর্যোগ ও ত্রাণসচিব বলেন, ‘এটা আমি বলতে পারব না। স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি আছেন, তিনি উত্তর দেবেন।’ স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিনিধি বলেন, ‘আমরা মানুষের পেটে খাবার জোগানোর চেষ্টা করছি। ক্যালরি মেপে ত্রাণ দেওয়ার বিষয়টি বাংলাদেশে প্রচলিত না।’
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, বন্যায় এ পর্যন্ত ৯৩ জন মারা গেছে। সবচেয়ে বেশি মারা গেছে দিনাজপুরে। বেশির ভাগই মারা গেছে সাপের কামড়, সাঁতার না জানার কারণে পানিতে ডুবে, ভেলা বা নৌকা উল্টে ও বজ্রপাতে। মৃত ব্যক্তিদের পরিবারকে নগদ ২০ হাজার করে টাকা দেওয়া হয়েছে।
তবে প্রথম আলোর দিনাজপুর সংবাদদাতা জানিয়েছেন, বন্যায় মারা যাওয়া এখানকার পরিবারগুলোর কেউ এখন পর্যন্ত ওই টাকা হাতে পাননি। জেলা সদর, বীরগঞ্জ, কাহারোল ও বিরলে বন্যায় মারা যাওয়া ব্যক্তিদের আত্মীয় ও স্থানীয় জনপ্রতিনিধিরা বলেছেন, তাঁরা ওই বরাদ্দ পাওয়ার তথ্য পেলেও তা এখনো হাতে পাননি।
এ বিষয়ে দুর্যোগসচিব শাহ কামাল বলেন, ‘আমাদের কাছে যে তথ্য আছে তাতে অবশ্যই ওই টাকা তাদের পাওয়ার কথা।’
জানতে চাইলে বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিস) ভারপ্রাপ্ত গবেষণা পরিচালক মাহফুজ কবির বলেন, বিভিন্ন গবেষণায় দেখা যায়, সরকার থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ত্রাণ দেওয়ার যে হিসাব দেওয়া হয়, তা সব সময় ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা পান না। সাম্প্রতিক সময়ে হাওরের ক্ষতিগ্রস্ত এলাকায় গবেষণা চালিয়ে দেখা গেছে, ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা প্রয়োজনের এক-তৃতীয়াংশ ত্রাণ পেয়েছেন। ফলে শুধু বরাদ্দ বাড়ালেই হবে না, প্রয়োজনের সময় তা বন্যার্তরা পাচ্ছে কি না, তা দেখতে হবে। বরাদ্দের সমপরিমাণ ত্রাণ মানুষ পাবে, তা নিশ্চিত করতে হবে।
একনজরে বন্যায় ক্ষতি
* ২৭ জেলার ১৫৪ উপজেলা বন্যায় ক্ষতিগ্রস্ত
* ৫৭ লাখ ১৮ হাজার ৭৫৪ জন ক্ষতিগ্রস্ত
* ৯৩ জন মারা গেছে ১৪ জেলায়
* ৫ লাখ ৩১ হাজার ৯৪১টি ঘরবাড়ির ক্ষতি
* ৪ লাখ ৬৮ হাজার ৬০৯ হেক্টর জমির ক্ষতি