দুই দিনে দাম কমেছে প্রতি মণে ৬০০ টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার শিবগঞ্জ উপজেলার শসাচাষিরা হরতালের কারণে বিপাকে পড়েছেন। দুই দিনের ব্যবধানে প্রতি মণ শসায় তাঁদের ৬০০ টাকা কমে গেছে।
চাষিরা জানান, রমজান মাসকে ঘিরে এ উপজেলার অনেক চাষি শসার আবাদ করেন। কারণ, এ সময় শসার চাহিদা থাকে প্রচুর। ফলে তাঁরা বড় ধরনের লাভবানও হন। রমজান শুরুর পর শসার দাম এক লাফে বেড়ে এক হাজার ২০০ টাকা থেকে এক হাজার ৩০০ টাকা হয়। এতে কৃষকের মুখে খুশির ঝিলিক ফুটে ওঠে। কিন্তু গত দুই দিনের ডাকা হরতালের কারণে চাষির মুখ মলিন হয়ে পড়েছে।
গত মঙ্গলবার উপজেলার মহাস্থান হাটে গিয়ে খোঁজ নিয়ে জানা গেছে, হরতালের কারণে ঢাকাসহ বড় বড় শহরে শসা নিয়ে যেতে পারছেন না ব্যবসায়ীরা। ফলে শসার দাম কমে অর্ধেকে নেমে এসেছে। প্রতি মণ শসা ৬০০ থেকে ৮০০ টাকা দরে বিক্রি হতে দেখা যায়। উপজেলার ছাতুয়া গ্রামের শসাচাষি আফজাল হোসেন (৫০) বলেন, ‘রমজান মাসকে সামনে রেখে অনেক কষ্ট করে এ গরমের মধ্যে আমি এক বিঘা জমিতে শসা আবাদ করেছি। রোজার শুরু থেকেই দাম বেশ ভালো পেয়ে আসছি। কিন্তু গত দুই দিনের হরতালের কারণে শসার দাম অর্ধেকে নেমে এসেছে।’
সবজির পাইকারি ক্রেতা মিজানুর রহমান (৪৫) বলেন, ‘হরতাল শুধু গেরস্তের জন্য নয়, সবার জন্য অসুবিধা। এই হরতালে জনগণ মরে যাবে, ব্যবসা-বাণিজ্যের সবই লোকসান। হরতালে গাড়ি চালানো রিস্ক, তাই ট্রাক যেতে চায় না।’
উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা এজাজ কামাল বলেন, চলতি মৌসুমে উপজেলার ৩৭৫ বিঘা জমিতে শসা চাষ হচ্ছে। এবার ফলন বেশ ভালো হয়েছে। আর বাজারে এবার শসার চাহিদা প্রচুর। রমজানের শুরুর পর দামটাও যাচ্ছে খুব ভালো। কিন্তু হরতাল ডাকায় এ দাম অর্ধেকে নেমে গেছে।