দুই দিনে দেড় লাখ নাম নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারিভাবে মালয়েশিয়া যাওয়ার জন্য গত দুই দিনে দেড় লাখের বেশি কর্মী নাম নিবন্ধন করেছেন। সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ইউনিয়ন তথ্যসেবাকেন্দ্রে নিবন্ধন চলেছে।জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) পরিচালক নূরুল ইসলাম প্রথম আলোকে জানান, গতকাল সোমবার বিকেল পাঁচটা পর্যন্ত এক লাখ ৫০ হাজার ৫০৪ জন কর্মী নাম নিবন্ধন করেছেন। এর মধ্যে ঢাকা বিভাগে এক লাখ ২৬ হাজার ৬৪০ জন এবং বরিশালে ২৬ হাজার ৮৬৪ জন।তবে বিএমইটির অতিরিক্ত মহাপরিচালক সেলিম রেজা গতকাল রাতে প্রথম আলোকে জানান, বিকেল পাঁচটা পর্যন্ত নিবন্ধন হওয়ার কথা থাকলেও লাইনে ছিলেন, এমন অনেকের নিবন্ধন সন্ধ্যার পরেও চলেছে। সর্বশেষ খবর অনুযায়ী এক লাখ ৬৮ হাজার ৪৩৭ জন নাম নিবন্ধন করেছেন।আজ মঙ্গলবারও ঢাকা ও বরিশাল বিভাগে নিবন্ধন চলবে। ১৬ জানুয়ারি এই দুই বিভাগের নিবন্ধনকারীদের মধ্য থেকে লটারির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার জন্য সুযোগ পাওয়া কর্মী নির্বাচন করা হবে।বরিশাল প্রতিনিধি জানিয়েছেন, বরিশালে মালয়েশিয়া যাওয়ার জন্য নিবন্ধন কার্যক্রম ইন্টারনেট বিপর্যয়ে পড়ে। ফলে বিভিন্ন ইউনিয়ন তথ্যকেন্দ্রে থেকে ফরম পূরণে সমস্যা দেখা দেয়। রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ১৬ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত এই নিবন্ধন হবে। খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৯ থেকে ২১ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন হবে।