দুই দিনে দেড় হাজার মণ ইলিশ আটক ১৮০ জেলে গ্রেপ্তার
অননুমোদিত সময়ে ইলিশ ধরার অপরাধে চট্টগ্রামের উপকূল থেকে গত দুই দিনে দেড় হাজার মণ ইলিশ আটক করা হয়েছে। এই সময় মোট ১৩টি নৌকা আটক ও ১৮০ জন জেলেকে গ্রেপ্তার করা হয়। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের সমন্বিত দল এই অভিযান চালায়।অভিযানে আটক প্রায় আড়াই শ মণ ওজনের ৪০ হাজার মিটার দীর্ঘ বিহেন্দি ও কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়। সামুদ্রিক মৎস্য অধিদপ্তরের চট্টগ্রাম কার্যালয়ের পরিচালক নাসির উদ্দিন মো. হুমায়ুন প্রথম আলোকে বলেন, ‘সরকারি ঘোষণা অনুযায়ী ৬ অক্টোবর থেকে আগামী ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ মাছ ধরা, বিপণন, পরিবহন নিষিদ্ধ। এ সময়ের মধ্যে যাতে কেউ ইলিশ ধরতে না পারে, সে জন্য আমাদের এই অভিযান।’ কোস্টগার্ড জানায়, কোস্টগার্ডের পূর্ব জোনের নয়টি দল চট্টগ্রামের কর্ণফুলী নদী, আনোয়ারা, সন্দ্বীপ ও কক্সবাজারের উপকূলীয় এলাকায় অভিযান চালায়। এই সময় বিভিন্ন স্থান থেকে আটক মাছ, জেলে এবং জাল সামুদ্রিক মৎস্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়। সূত্রমতে, যৌথ অভিযানে গতকাল ৩২ টন এবং আগের দিন (শুক্রবার) ২৮ টন ইলিশ আটক করা হয়। আটক মাছ পরে নিলামে বিক্রি করে পুরো টাকা সরকারি কোষাগারে জমা করা হয়। নিষিদ্ধ সময়ে মাছ ধরার অভিযোগে আটক জেলেদের আদালতে সোপর্দ করে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়।