
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় গতকাল সোমবার দুপুরে একটি লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনায় থাকা পাঁচ যাত্রী নিহত হন।
এ ছাড়া গাজীপুরে আরও দুটি সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন দুজন। চট্টগ্রামের লোহাগাড়ায় মেয়ের বিয়ে শেষে তাঁকে শ্বশুরবাড়িতে পৌঁছে দিয়ে ফেরার পথে নিহত হয়েছেন এক ব্যক্তি। এ ছাড়া চট্টগ্রামের হাটহাজারি, শেরপুর ও সিলেটে নিহত হয়েছেন একজন করে।
এর আগে শনিবার রাত থেকে রোববার সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আটজন। এ নিয়ে গত ১৭৫ দিনে দেশের বিভিন্ন জেলায় সড়কে প্রাণ গেছে ১ হাজার ৭১২ জনের। প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাত দিয়ে প্রথম আলোর সংশ্লিষ্ট এলাকার নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
গাজীপুরের নাওজোর হাইওয়ে থানার ওসি আবদুল হাই বলেন, গতকাল দুপুরে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্ট এলাকা থেকে একটি লেগুনা গাজীপুরের চান্দনা-চৌরাস্তার দিকে যাচ্ছিল। বেলা আড়াইটার দিকে মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে লেগুনাটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়ানো একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে লেগুনার সামনের অংশ দুমড়ে-মুচড়ে লেগুনার পাঁচ যাত্রী নিহত হন। আহত হন সাত যাত্রী।
নিহত চারজন হলেন গাজীপুর সদর উপজেলার ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ফারহানা আক্তার শিখা (১৮), খাদিজা বেগম (১৮) ও সাদিয়া আফরিন রিমি (১৯) এবং পিরুজালী গ্রামের শাহ আলম (২৪)। অন্যজনের পরিচয় পাওয়া যায়নি।
গাজীপুরের সুড়াবাড়ি এলাকায় সকালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে গেলে এক গ্যারেজ মিস্ত্রির মৃত্যু হয়। নিহত মিস্ত্রি আরাফাত হোসেন (২০) টঙ্গীর মুন্নানগর এলাকার বাসিন্দা। তিনি নরসিংহপুরের ইউসুফ মার্কেটে একটি গ্যারেজে কাজ করেন। বেলা ১১টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে গাজীপুরের পোড়াবাড়ি এলাকায় রাস্তার পাশের খুঁটির সঙ্গে একটি লেগুনার সংঘর্ষে মারা যান অজ্ঞাতনামা এক ব্যক্তি।
চট্টগ্রামের লোহাগাড়ার সিকদারপাড়ার ক্ষুদ্র ব্যবসায়ী আবুল হোসেন মেয়েকে বিয়ের পর সাতকানিয়ার কেউচিয়ায় শ্বশুরবাড়ি দিয়ে মোটরসাইকেলে করে ফেরার সময় রোববার রাতে ঠাকুরদিঘি এলাকায় বাস চাপায় মারা যান। হাটহাজারী-নাজিরহাট মহাসড়কের এনায়েতপুরে ট্রাকের ধাক্কায় রুবেল বড়ুয়া (২২) নামে এক অটোরিকশা আরোহী নিহত হন গতকাল বিকেলে।
রোববার রাতে শেরপুর সদরের তাতালপুরে বাস চাপায় মোটরসাইকেলর আরোহী ফারুক হোসেন (৪২) নিহত হন।
সিলেটের গোলাপগঞ্জে ধারাবহরে প্রাইভেট কারের ধাক্কায় অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে রোববার রাতে।