দুই দিনে বন্ধ হলো ১২ বাল্যবিবাহ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এলাকাবাসী ও জনপ্রতিনিধিদের সহায়তায় এবং উপজেলা ও পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে আট জেলায় ১২ স্কুলছাত্রী ও কিশোর-কিশোরী বাল্যবিবাহ থেকে রক্ষা পেয়েছে। গত বৃহস্পতিবার রাত থেকে গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত এসব বাল্যবিবাহ বন্ধ করা হয়। একটি ঘটনায় বর-কনের দুই স্বজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

প্রথম আলোর আঞ্চলিক অফিস ও সংশ্লিষ্ট এলাকার প্রতিনিধিদের পাঠানো খবর:

বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নে দশম শ্রেণির ও মাঝিহট্ট ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছিল গত বৃহস্পতিবার রাতে। খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম সুশান্ত কুমার মাহাতোর নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত সন্ধ্যায় ওই ছাত্রীর বাড়িতে যান। এ সময় বর ও কনেপক্ষের অভিভাবকেরা আত্মগোপন করেন। নির্বাহী হাকিম বিয়ে বন্ধের নির্দেশ দেন এবং বাল্যবিবাহের আয়োজন করায় কনের চাচা ও বরের ভগ্নিপতিকে (কাজি) আটক করে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই রাতে মাঝিহট্ট ইউনিয়নে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর সঙ্গে পাশের ইউনিয়নের এক কিশোরের (১৬) বিয়ের আয়োজন করেন অভিভাবকেরা। স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবু জাফর কনেবাড়িতে গিয়ে অভিভাবকদের বুঝিয়ে বিয়ে বন্ধ করেন।

ফরিদপুর সদর উপজেলার সদর ইউনিয়নে গতকাল শুক্রবার দুপুরে অষ্টম শ্রেণির এক ছাত্রীর (১৪) বিয়ে হওয়ার কথা ছিল। খবর পেয়ে বেলা দুইটার দিকে নির্বাহী হাকিম ও সহকারী কমিশনার (ভূমি) আবুল হাশেম মেয়েটির বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন। বাল্যবিবাহ আয়োজনের দায়ে এক হাজার টাকা জরিমানা করা হয় এবং মেয়ের ১৮ বছর না হওয়া পর্যন্ত বিয়ের উদ্যোগ না নেওয়ার মুচলেকা আদায় করা হয়।

এ ছাড়া বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার পাচুরিয়া ইউনিয়নে নবম শ্রেণির এক ছাত্রীর (১৫) বিয়ে বন্ধ করেন ভ্রাম্যমাণ আদালত। কনে ও বরের বাবার কাছ থেকে মুচলেকা আদায় করা হয়। ঘটনার সত্যতা নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) আবুল হাশেম বলেন, ১৯২৮ সালের বাল্যবিবাহ নিরোধ আইনে এই উদ্যোগ নেওয়া হয়।

যশোরের কেশবপুর উপজেলার একটি গ্রামে গতকাল এক জেএসসি পরীক্ষার্থীর (১৪) বিয়ে ছিল। বেলা ১১টার দিকে কেশবপুর থানার পুলিশ সেখানে গিয়ে বিয়ে বন্ধ করে এবং মেয়ের বাবাকে আটক করে থানায় নিয়ে আসে। বিয়েটি বন্ধের উদ্যোগ নেওয়া সহকারী কমিশনার (ভূমি) মো. কবীর হোসেন বলেন, প্রতিদিনই বাল্যবিবাহের খবর পাওয়া যাচ্ছে। এতে তিনি বিব্রত। এ ব্যাপারে সচেতনতা তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। আরেকটি গ্রামে নবম শ্রেণির এক ছাত্রীর (১৬) বিয়ের খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তিনি বিদ্যানন্দকাটি ইউপির চেয়ারম্যান আমজাদ হোসেনের মাধ্যমে তা বন্ধ করান।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নে বৃহস্পতিবার রাতে নবম শ্রেণির এক ছাত্রীর (১৫) বাড়িতে গিয়ে তার বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আবু নাসার উদ্দিন। তিনি কনে ও বরপক্ষের অভিভাবকদের বাল্যবিবাহের কুফল সম্পর্কে জানান এবং প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে না দেওয়ার বিষয়ে মুচলেকা নেন।

গতকাল বিকেলে উপজেলার দেবগ্রাম ইউনিয়নে সপ্তম শ্রেণির এক ছাত্রীর বিয়ে আয়োজনের খবর পেয়ে ইউএনও পুলিশ নিয়ে সেখানে যান। তবে সেখানে তাঁকে ইউনিয়ন পরিষদ থেকে দেওয়া যে জন্মসনদ দেখানো হয়, সে অনুযায়ী মেয়েটির ১৮ বছর হয়েছে। তিনি বলেন, স্কুলছাত্রীর বয়স যাচাই-বাছাই চলছে। সিদ্ধান্ত নিতে সময় লাগবে।

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর ইউনিয়নে মেয়ের বাবাকে বুঝিয়ে গতকাল দুপুরে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ করান সহকারী কমিশনার (ভূমি) জাহাঙ্গীর আলম। তিনি মেয়ের বাবার কাছ থেকে মুচলেকাও নেন।

কিশোরগঞ্জ সদর উপজেলার এক গ্রামে গতকাল দুপুরে এক কিশোরীর (১৫) বিয়ের আয়োজন চলছিল। খবর পেয়ে সদর মডেল থানা-পুলিশ মেয়ের বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করে দেয়। পুলিশ দেখে বরপক্ষ বাড়ির সামনে থেকে ফিরে যায়।

সিরাজগঞ্জ সদর উপজেলার এক গ্রামে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৫) গতকাল বাল্যবিবাহ থেকে রক্ষা করেছেন বেসরকারি সংস্থা এনডিপির জেন্ডার সহিংসতা প্রতিরোধ প্রকল্পের সদস্যরা। মেয়ের বাড়িতে গিয়ে তাঁরা বাল্যবিবাহের কুফল নিয়ে আলোচনা করে বিয়ে বন্ধে মেয়ের অভিভাবকদের রাজি করান। এতে সহায়তা করেন সয়দাবাদ ইউপির চেয়ারম্যান নবীদুল ইসলাম।

ময়মনসিংহের নান্দাইলের আচারগাঁও ইউনিয়নে বিকেলে এক মাদ্রাসাছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে। ইউএনও মো. হাফিজুর রহমান বাল্যবিবাহ আয়োজনের খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসিকে ফোন করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন। পরে পুলিশ মেয়েটির বাড়িতে গিয়ে জন্মসনদ দেখে বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করে।

চট্টগ্রামের রাউজানের চিকদাইর ইউনিয়নে বৃহস্পতিবার রাতে নবম শ্রেণির এক ছাত্রীর বিয়ে বন্ধ হয়েছে ইউএনও শামীম হোসেনের পদক্ষেপে।