দুই দিনে বিদ্যালয়সহ ৫০টি পরিবারের বসতভিটা নদীতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তিস্তার করাল গ্রাসে এভাবেই নদীতে হেলে পড়েছে লালমনিরহাটের হাতীবান্ধার ডাউয়াবাড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ভবনটি। গত সোমবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো
তিস্তার করাল গ্রাসে এভাবেই নদীতে হেলে পড়েছে লালমনিরহাটের হাতীবান্ধার ডাউয়াবাড়ি নিম্নমাধ্যমিক বিদ্যালয় ভবনটি। গত সোমবার দুপুরে তোলা ছবি l প্রথম আলো

লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার ডাউয়াবাড়ি ইউনিয়নের উত্তর ডাউয়াবাড়ি গ্রামে তিস্তা নদীর ভাঙনে দুই দিনে একটি বিদ্যালয়সহ ৫০টি পরিবারের বাড়িঘর বিলীন হয়ে গেছে। গত রবি ও সোমবারের ভাঙনে উত্তর ডাউয়াবাড়ি আছির মামুদ নিম্নমাধ্যমিক বিদ্যালয়টির বড় একটি অংশসহ ওই সব বাড়িঘর বিলীন হয়।
ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন বলেন, দুই দিন ধরে তিস্তার প্রবল স্রোতে তাঁর ইউনিয়নের উত্তর, দক্ষিণ ও পূর্ব ডাউয়াবাড়ি এবং কিসামত গ্রামে ভাঙন দেখা দেয়। রোববার ৩১টি ও সোমবার ১৯টি পরিবারের বসতভিটা নদীতে বিলীন হয়েছে। তিনি আরও বলেন, হঠাৎ নদীভাঙনে এসব পরিবার সহায়-সম্বল হারিয়ে মানবেতর জীবন যাপন করছে। এ ছাড়া এরই মধ্যে উত্তর ডাউয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়টি সম্পূর্ণ বিলীন হয়ে গেছে। এখন নিম্নমাধ্যমিক বিদ্যালয়টিও হুমকির মুখে। ঈদের ছুটির পর আজ বুধবার বিদ্যালয়টি খোলার কথা। ভাঙনের কবলে পড়ায় বিদ্যালয়টির কিছু দূরে চালাঘর তুলে এখানকার শিক্ষার্থীদের পাঠদানের উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ডাউয়াবাড়ি গ্রামের অধিবাসীরা বলেন, ঈদের পরদিন থেকে হঠাৎ নদীভাঙনের কবলে পড়ে এলাকাটি। স্থানীয় পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের বিষয়টি জানিয়েও কোনো লাভ হয়নি।

ডাউয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ঈদের ছুটি শেষে গতকাল মঙ্গলবার বিদ্যালয় খুললেও কোথায় পাঠদান করাবেন তা নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন তাঁরা।

প্রধান শিক্ষক নুর ইসলাম বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

হাতীবান্ধা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হাসান আতিকুর রহমান বলেন, সোমবার তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিদ্যালয় ভবনটি নদীতে বিলীন হওয়ায় বিকল্প ব্যবস্থা করে শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার ব্যবস্থা নিতে শিক্ষকদের পরামর্শ দেওয়া হয়েছে।

উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বলেন, সোমবার দুপুরে তিনি ডাউয়াবাড়ি এলাকা পরিদর্শন করেছেন। সেখানে জরুরি ভিত্তিতে পাইলিং করে নদীভাঙন রোধের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

লালমনিরহাট পাউবোর নির্বাহী প্রকৌশলী শিবেন্দু খাস্তগীরের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলেও তাঁকে পাওয়া যায়নি।