দুই দিনে রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মিয়ানমারের রোহিঙ্গাদের বাংলাদেশে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে তৎপর প্রশাসন। অন্যদিকে উখিয়া ও টেকনাফের ৩১টির বেশি গ্রামের মানুষ রাত জেগে পাহারা দিচ্ছে সীমান্তে। এতে গত দুই দিনে কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেনি বলে দাবি করা হচ্ছে। বিজিবির টেকনাফ ৪২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. জাহিদ হাসান বলেন, শুক্র ও শনিবার টেকনাফ সীমান্ত দিয়ে কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেনি। এর আগে গত সাত দিনে অনুপ্রবেশকারী ৭২৮ জন রোহিঙ্গাকে আটক করে মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে। বৈরী আবহাওয়ার কারণে আটক ১৩ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠানো যাচ্ছে না। তারা বিজিবির হেফাজতে রয়েছে।জেলা প্রশাসক মোহামঞ্চদ জয়নুল বারী বলেন, ‘আরাকানের রোহিঙ্গাদের প্রতি আমাদের সহানুভূতি ও ভালো আচরণের কমতি নেই। কিন্তু তার পরও রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়ার সুযোগ দেওয়া হবে না। রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে কঠোর ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। অনুপ্রবেশ বন্ধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), কোস্টগার্ড, পুলিশসহ সংশ্লিষ্ট বাহিনীর সদস্যরা তৎপর রয়েছে।’ রোহিঙ্গা অনুপ্রবেশ বিষয়ে শুক্রবার জেলা প্রশাসক মোহাম্মদ জয়নুল বারী সাংবাদিকদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে জেলা প্রশাসক বলেন, ইতিমধ্যে রোহিঙ্গা অনুপ্রবেশে সহযোগিতা করায় দুটি বেসরকারি সংস্থাকে (এনজিও) সতর্ক করা হয়েছে। একটি সংস্থার একজন ঊর্ধ্বতন কর্মকর্তাকে কক্সবাজার থেকে প্রত্যাহার করা হয়েছে। জেলা প্রশাসক বলেন, আগে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে। এখন নতুন করে রোহিঙ্গাকে আশ্রয় দেওয়া সুখকর হবে না। এদিকে উখিয়া সীমান্তের ঘুমধুম, জলপাইতলী, তুমব্রু, ভাজাবনিয়া, বাইশারী, উলুবনিয়া, পালংখালী, টেকনাফের হোয়াইক্যং, কানজরপাড়া, উনচিপ্রাং, হ্নীলাসহ অন্তত ৩১ গ্রামে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে রাত জেগে পাহারা দিচ্ছে শত শত মানুষ। তুমব্রু গ্রামের জাফর আলম ও বিধু কর্মকার বলেন, বিজিবির সদস্যদের সঙ্গে গ্রামবাসী সীমান্তে পাহারা জোরদার করায় গত দুই দিনে কোনো রোহিঙ্গার অনুপ্রবেশ ঘটেনি। ঘুমধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীপক বড়ুয়া বলেন, গ্রামের শত শত মানুষ রাত জেগে সীমান্ত পাহারা দিচ্ছে। এতে ফল পাওয়া যাচ্ছে। টেকনাফ উপজেলা পরিষদের চেয়ারম্যান শফিক মিয়া বলেন, ‘মিয়ানমারের জাতিগত সহিংস-পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে। রোহিঙ্গারা নিজ ঘরে ফিরে যাচ্ছে বলে খবর পাচ্ছি। তাই রোহিঙ্গাদের বাংলাদেশে ঢুকতে দেওয়া ঠিক হবে না।’