উত্তরাঞ্চলে পণ্য পরিবহন ধর্মঘটের মেয়াদ আরও ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। এদিকে ধর্মঘটের দ্বিতীয় দিনে গতকাল সোমবারও উত্তরবঙ্গ থেকে সারা দেশে খাদ্যশস্য ও সবজি সরবরাহ বন্ধ থাকে। স্থানীয় বাজারে দুই দিনে সবজির দাম ৭৫ শতাংশ কমে গেছে। আড়তে সবজি পচতে শুরু করেছে।
দেশের সড়ক-মহাসড়কে যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে পুলিশি হয়রানি বন্ধ করাসহ সাত দফা দাবিতে গত রোববার ভোর থেকে ৪৮ ঘণ্টার পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ড ভ্যান ও পিকআপ মালিক-শ্রমিক ঐক্য পরিষদ অধিকার আদায় বাস্তবায়ন কমিটি।
গতকাল সোমবার দুপুর ১২টায় বগুড়া প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক ও জেলা ট্রাকমালিক সমিতির সভাপতি আবদুল মান্নান ধর্মঘটের সময় ২৪ ঘণ্টা বৃদ্ধির ঘোষণা দেন। পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী আজ মঙ্গলবার ভোর ছয়টায় ধর্মঘট প্রত্যাহারের কথা ছিল। কিন্তু নতুন এ ঘোষণার কারণে এ কর্মসূচি আগামীকাল বুধবার সকাল পর্যন্ত চলবে।
দুই দিন ধরে ধর্মঘট অব্যাহত থাকায় এর নেতিবাচক প্রভাব পড়েছে বগুড়ার সবজির বড় মোকাম মহাস্থানহাটে। এই মোকাম থেকে প্রতিদিন গড়ে ৩০ ট্রাক সবজি রাজধানীসহ দেশের বিভিন্ন মোকামে সরবরাহ করা হয়। কিন্তু ধর্মঘট সামনে রেখে শনিবার থেকেই সারা দেশে সবজি সরবরাহ বন্ধ রয়েছে।
গতকাল মহাস্থানহাটে বরবটি, ঝিঙে, করলা, বেগুন, ঢ্যাঁড়স, পেঁপে, শসা, পটোলসহ সব ধরনের সবজির দাম অনেক কমে গেছে। গোবিন্দগঞ্জের তালুক কানুপুর গ্রামের কৃষক নুরুল আবছার এক ব্যাপারীর কাছে চার টাকা কেজি দরে করলা বিক্রি করেন। তিনি বলেন, ‘দুদিন আগেও এই হাটত করলা লিয়ে আসে ব্যাচনো ১৮ টেকা কেজি দরে।’
শিবগঞ্জের অনন্তপুর গ্রামের আফতাব আলী গত শনিবার হাটে বরবটি বিক্রি করেন ১৯ টাকা কেজি দরে। গতকাল সকাল থেকে হাটে সবজি নিয়ে অপেক্ষার পর দুপুরের দিকে চার টাকা কেজি দরে বিক্রি করেন।
গত রোববার ঝুঁকি নিয়ে কেউ কেউ সবজি কেনেন। ধর্মঘট প্রত্যাহারের পর সোমবার রাতে সবজি পাঠানো সম্ভব হবে, এমনটা ভেবে সকালের দিকে অনেক আড়তদার-ব্যাপারী সবজি কেনেন। কিন্তু হঠাৎ করেই ধর্মঘট ২৪ ঘণ্টা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়। তা ছাড়া ধর্মঘটের প্রথম দিনে কেনা সবজি আড়তে পচতে শুরু করেছে।
বাংলাদেশ অটো মেজর অ্যান্ড হাসকিং মিল ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম লায়েক আলী প্রথম আলোকে বলেন, ‘ধর্মঘটের কারণে উত্তরবঙ্গ থেকে সারা দেশে ধান-চাল সরবরাহ বন্ধ রয়েছে। সরবরাহ ঘাটতির কারণে চালের দাম আরও বাড়তে পারে।’
একই দাবিতে এর আগে গত বছরের ৩০ নভেম্বর অনির্দিষ্টকালের জন্য পণ্য পরিবহন ধর্মঘট ডেকেছিল ওই কমিটি। পরে ২ ডিসেম্বর রাজশাহী বিভাগীয় কমিশনার আবদুল হান্নানের সঙ্গে বৈঠকে দাবি পূরণের আশ্বাস পেয়ে কর্মসূচি প্রত্যাহার করে নেন সংগঠনের নেতারা।
কমিটির আহ্বায়ক আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, গত ডিসেম্বরে প্রশাসনের সঙ্গে ওই বৈঠকে কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল। তিন মাসের মধ্যে অবশিষ্ট দাবি বাস্তবায়নের আশ্বাস দেওয়া হয়েছিল। কিন্তু তা কার্যকর না হওয়ায় পণ্য পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।
এই নেতা অভিযোগ করেন, কাগজপত্র তল্লাশির নামে পণ্য পরিবহনে নিয়োজিত যানবাহনের মালিক-শ্রমিকদের পুলিশ হয়রানি করছে। নানা অজুহাতে জরিমানার নামে চাঁদাবাজি করছে। ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দারোগারহাটের ওভারলোড কন্ট্রোল স্টেশন স্কেলে ওজন যাচাইয়ের নামে ইচ্ছেমতো চাঁদাবাজি ও শ্রমিকদের হয়রানি করছে পুলিশ। তা ছাড়া সরকারি নির্দেশনা মেনে প্রতি ট্রাকে পাঁচ টন পণ্য পরিবহন করলে ট্রাকভাড়া কয়েক গুণ বেড়ে যাবে। তখন দ্রব্যমূল্যেও এর প্রভাব পড়বে।
সাত দফা দাবিগুলো হলো যানবাহনের কাগজপত্র তল্লাশির নামে সড়ক-মহাসড়কে পুলিশি হয়রানি বন্ধ করা, ওজন স্টেশনে চাঁদাবাজি ও হয়রানি বন্ধ করা, চালকদের লাইসেন্স নবায়নে হয়রানি বন্ধ করা, সহজ শর্তে নতুন লাইসেন্স প্রদান, ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান ও পিকআপ থেকে বাম্পার, সাইড অ্যাঙ্গেল ও হুক অপসারণের সরকারি আদেশ প্রত্যাহার, যানবাহনের কর (ট্যাক্স) টোকেন, ফিটনেস ও রুট পারমিটের বকেয়া সুদ মওকুফ করা এবং দুর্ঘটনা বন্ধে মহাসড়কে সব ধরনের অবৈধ যানবাহন চলাচল বন্ধে ব্যবস্থা গ্রহণ করা।