কম ভোল্টেজ ও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করায় গত মঙ্গল ও বুধবার রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া এলাকায় অন্তত ১০টি সেচযন্ত্র বিকল হয়ে গেছে। এতে বোরো চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ক্ষতিগ্রস্ত কয়েকজন কৃষকের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের দুই নম্বর বেপারী পাড়া, ওমর আলী মাতুব্বর পাড়া ও স্থানীয় ইউনিয়ন পরিষদ কার্যালয় এলাকায় কম ভোল্টেজ ও ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করায় মঙ্গল ও বুধবার কৃষক একলাস বেপারী, ছিদ্দিক বেপারী, আবদুল জলিল ফকির, মোশাররফ বেপারী, মোসলেম উদ্দিন খানসহ কয়েকজনের অন্তত ১০টি সেচযন্ত্র বিকল হয়েছে। এর মধ্যে দুই নম্বর বেপারী পাড়া ও ওমর আলী মাতুব্বর পাড়ার কৃষকেরা বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন। পুড়ে যাওয়ার ভয়ে অনেক কৃষক সেচযন্ত্র বন্ধ রেখেছেন।
গোয়ালন্দ বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী রওশন আলী বলেন, ‘দুই দিন রাতের বেলায় প্রচণ্ড ঝোড়ো বাতাস বয়ে যায়। এ সময় খোলা তারগুলো বারবার এক হয়ে যায়। কখনো কম ভোল্টেজ ও কখনো ঘন ঘন বিদ্যুৎ আসা-যাওয়া করায় বেশ কয়েকটি সেচযন্ত্র পুড়ে যায়।’