অননুমোদিত আবাসন প্রকল্পের বিরুদ্ধে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) অভিযানে দুই দিনে ১১০টি বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ করা হয়েছে। উচ্ছেদে বাধা দেওয়ার কারণে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।গত বৃহস্পতিবার রাজউক বাড্ডা-বেরাইদ ও কাঁচপুর-মদনগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ৭৮টি বিলবোর্ড-সাইনবোর্ড উচ্ছেদ করেছে। বুধবার বাড্ডার সাঁতারকুলে উচ্ছেদ করে দুটি আবাসন প্রকল্পের ১২টির মতো বিলবোর্ড। এদিন টঙ্গী ও আশপাশে উচ্ছেদ করা হয় ২০টি। টঙ্গী এলাকাগুলোর বেশির ভাগই ‘পূর্বাচলভিত্তিক’ প্রকল্পের সাইনবোর্ড।বৃহস্পতিবার রাজউকের দুটি দল উচ্ছেদ কার্যক্রম চালায়। এর মধ্যে একটি দল সকালে ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলার নেতৃত্বে অভিযান চালায়। তারা উত্তর বাড্ডার সাঁতারকুল ও বেরাইদ এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুর ১২টা নাগাদ শুরু করে সন্ধ্যা প্রায় সাতটায় অভিযান শেষ করা হয়। এ সময় দারুস ইসলাম হাউজিং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের মাকান হাউজিং প্রকল্পের ৩৮টি সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। উত্তর বাড্ডার বেরাইদের মগাইলতা গ্রামে ও প্রধান সড়কে এই প্রতিষ্ঠান আবাসন প্রকল্পের সাইনবোর্ড বসিয়েছিল। বেরাইদে একই প্রতিষ্ঠানের বাড্ডা মডেল টাউনের ১৮টি এবং রিলায়েন্স মডেল টাউনের দুটি বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। বেরাইদের এ অভিযানে রাজউকের উপ-নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম, সহকারী নগর পরিকল্পনাবিদ চৈতী বিশ্বাস, অথরাইজ্ড কর্মকর্তা পারভেজ খাদেম প্রমুখ অংশ নেন। অভিযানের সময় মগাইলতা গ্রামবাসী এগিয়ে এসে তাঁদের অভিযোগের কথা তুলে ধরেন। তবে মাকান হাউজিং প্রকল্পের কাউকে তখন দেখা যায়নি। এলাকাবাসী বলেন, আগের দিনও সেখানে প্রকল্পের লোকজন ছিল। বৃহস্পতিবার রাজউকের আরেকটি দল অভিযান চালায় কাঁচপুর-মদনপুর এলাকায়। উপ-নগর পরিকল্পনাবিদ গোলাম মর্তুজা ও অথরাইজ্ড কর্মকর্তা আবদুল খালেক অভিযান পরিচালনা করেন। এক প্লাটুন পুলিশের সহায়তায় অভিযানে ২০টির মতো বিলবোর্ড ও সাইনবোর্ড উচ্ছেদ করা হয়। বেশির ভাগ বিলবোর্ড ছিল এইচ এল পূর্বাচল সিটি, মডার্ন সিটি, মার্ভেলাস সিটি, পূর্বাচল প্রবাসী পল্লী ও সবুজ ছায়া আবাসন প্রকল্পের। গত বুধবার রাজউক সাঁতারকুল এলাকায় ইউনাইটেড সিটি গ্রুপের বিলবোর্ড উচ্ছেদের সময় বাধা দিলে আইয়ুব রেজা রিজভী নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। ওই দিন এশিয়া হাউজিংয়েরও কয়েকটি বিলবোর্ড-সাইনবোর্ড ভেঙে দেওয়া হয়। ম্যাজিস্ট্রেট রোকন-উদ-দৌলা প্রথম আলোকে বলেন, অভিযানে বাধাদানকারীদের গ্রেপ্তার করার বিষয়ে তাঁদের আইনগত অনুমোদন আছে।প্রসঙ্গত, বেসরকারি আবাসিক প্রকল্পের ভূমি উন্নয়ন বিধিমালা এবং রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইনের আওতায় গত ২১ জুন থেকে রাজউক এ অভিযান পরিচালনা করছে। এর আগে হাইকোর্ট গত ৮ জুন অনুমোদনহীন বেসরকারি আবাসন প্রকল্পের প্লট-ফ্ল্যাট বিক্রির জন্য বিজ্ঞাপন ও সাইনবোর্ড-বিলবোর্ড অপসারণের নির্দেশ দেন। রাজউকের চেয়ারম্যান মো. নূরুল হুদা বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, হাইকোর্টের রায় অনুসারে রাজউকের একাধিক ভ্রাম্যমাণ দল প্রায় প্রতিদিনই ছোট-বড় উচ্ছেদ অভিযান পরিচালনা করছে।