কুষ্টিয়ায় ডায়রিয়ার প্রকোপ দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার সকাল থেকে গতকাল শনিবার সকাল পর্যন্ত ১৪৪ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছে। এ ছাড়া ডায়রিয়ায় আক্রান্ত অনেকে বিভিন্ন বেসরকারি ক্লিনিক এবং বাড়িতে চিকিৎসা নিচ্ছে।
গতকাল সকালেই হাসপাতাল কর্তৃপক্ষ রোগীদের চিকিৎসার জন্য সহযোগী অধ্যাপক (মেডিসিন) মীর মাহফুজুল হককে প্রধান করে ১৫ সদেস্যর একটি টিম গঠন করেছে। হাসপাতালের স্যালাইন ফুরিয়ে যাওয়ায় রোগীর স্বজনেরা বাইরে থেকে স্যালাইন কিনছেন। অভিযোগ উঠেছে, চাহিদা বাড়ায় ওষুধের দোকানিরা স্যালাইনের দাম বাড়িয়ে দিয়েছেন।
হাসপাতালের জুনিয়র মেডিসিন বিশেষজ্ঞ মুসা কবির প্রথম আলোকে বলেন, দূষিত পানি পান করায় সাধারণ মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে। ভালোভাবে ফুটিয়ে পানি পান করলে এভাবে ডায়রিয়া ছড়িয়ে পড়ত না। এ জন্য শহর এবং গ্রামে লোকজনকে নলকূপের বিশুদ্ধ পানি ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনি আরও বলেন, পাইপে লেগে থাকা আয়রন পানির সঙ্গে বের হলে সেটা খেলেও মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হবে।
হাসপাতাল সূত্রে থেকে জানা গেছে, ৪৮ ঘণ্টায় ১৪৪ জন রোগী ভর্তি হয়েছেন। হাসপাতালে ডায়রিয়া রোগীদের জন্য শয্যা আছে মাত্র আটটি। শয্যার অভাবে অনেকে ওয়ার্ড ও বারান্দার মেঝেতে শুয়ে চিকিৎসা নিচ্ছেন। রোগীর সংখ্যা বেশি হওয়ায় চিকিৎসক ও সেবিকাদের হিমশিম খেতে হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সেবিকা বলেন, স্যালাইন পুশ করতে এবং রোগীর চাপ সামাল দিতে কষ্ট হচ্ছে। প্রয়োজনের তুলনায় সেবিকার সংখ্যা খুবই কম।
গতকাল দুপুরে হাসপাতাল ঘুরে দেখা গেছে, পুরুষ, নারী ও শিশু বিভাগের ডায়রিয়া ওয়ার্ডে কোনো শয্যা খালি নেই। এসব ওয়ার্ডের মেঝে ও বারান্দাতেও রোগীদের ভিড়। ওয়ার্ডগুলোর বারান্দা ছাড়িয়ে রোগীর বিছানা জরুরি বিভাগের সামনে পর্যন্ত চলে এসেছে।
হাসপাতালের নিচতলায় চিকিৎসা নিচ্ছেন মিরপুর উপজেলার খন্দকবাড়িয়া এলাকার আলেয়া খাতুন। তিনি বলেন, তিনিসহ তাঁর পরিবারের আরও চারজন ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন। একই উপজেলার স্বরূপদহ এলাকার আনোয়ারা খাতুন গত শুক্রবার বিকেলে ভর্তি হয়েছেন। তিনি বলেন, হাসপাতাল থেকে কলেরার স্যালাইন দেওয়া হয়নি। তাই স্বজনদের মাধ্যমে ১০০ টাকা দিয়ে বাইরে থেকে স্যালাইন কিনতে হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক এক চিকিৎসক জানান, হাসপাতালে কলেরার স্যালাইন শেষ হওয়ার খবর পেয়ে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্যালাইনের দাম বাড়িয়ে দিয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক আজিজুন নাহার বলেন, কলেরার স্যালাইন শুক্রবার বিকেলেই শেষ হয়ে গেছে। প্রত্যেক রোগীর শরীরে কমপক্ষে সাত ব্যাগ স্যালাইন পুশ করাতে হবে।
কুষ্টিয়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুজিব উল ফেরদৌস বলেন, অতিরিক্ত দামে স্যালাইন বিক্রির প্রমাণ পেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।