দুই দিনে ২৬ জনকে পাগলা কুকুরের কামড়
চট্টগ্রামের মিরসরাই উপজেলায় গতকাল বুধবার ও গত মঙ্গলবার নারী, শিশুসহ অন্তত ২৬ জনকে পাগলা কুকুরে কামড়িয়েছে। এলাকায় পাগলা কুকুরের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা তোবারক উল্লাহ প্রথম আলোকে জানিয়েছেন, গতকাল বুধবার তিনজনকে পাগলা কুকুরে কামড়েছে। তাঁরা হলেন: আজম নগরের রোকসানা আক্তার (৭), বিষুমিয়ার হাটের সুজন নাথ (৫৫) ও গরিয়াইশের ছেমনা খাতুন (৪৫)। আগের দিন মঙ্গলবার উপজেলার বিভিন্ন ইউনিয়নের কয়েকটি গ্রামের ২৩ জনকে পাগলা কুকুরে কামড়ায়। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অন্যদের প্রয়োজনীয় ভ্যাকসিন নেওয়ার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন, উপজেলা পর্যায়ে ভ্যাকসিন দেওয়া হয় না। ওই ভ্যাকসিনগুলো সংরক্ষণ করা হয় চট্টগ্রাম শহরের জেনারেল হাসপাতালে। এতে অনেক রোগীকে দুর্ভোগে পড়তে হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহমঞ্চদ আশরাফ হোসেন বলেন, ইছাখালী, কাটাছরা ও দুর্গাপুর ইউনিয়নে কুকুরে কামড়ানোর এ ঘটনা বেশি ঘটছে। পাগলা কুকুরগুলো মেরে ফেলতে ওই তিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানদের শিগগিরই নির্দেশ দেওয়া হবে।