শাহবাগের গণজাগরণ মঞ্চ আবারও জেগে উঠেছে। সারা দেশে জামায়াত-শিবির ও ইসলামি দলগুলোর সহিংসতা দেখে ঘরে থাকতে পারেনি। গত শুক্রবার বিকেল থেকে শাহবাগে জড়ো হওয়া তারুণ্য গতকাল শনিবারও জানান দিয়েছে; তারা জেগে আছে। সব অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শাহবাগেই থাকবে। ভোর ছয়টায় জাতীয় সংগীত দিয়ে শুরু, তারপর ‘আমাদের ধমনিতে লাখো শহীদের রক্ত, এই রক্ত কোনো দিনও বৃথা যেতে পারে না’ স্লোগানে আবারও প্রকম্পিত হয় শাহবাগ। এরপর বেলা গড়িয়েছে। জনতার সমাবেশ বড় থেকে আরও বড় হয়েছে। পরিচিত কণ্ঠের স্লোগানধারীরা কেউ ছিলেন না শাহবাগে। সব রায়েরবাজারের সমাবেশে। তাই বলে শাহবাগের সমাবেশের কণ্ঠ থেমে থাকেনি। জনতার ভেতর থেকে নিত্যনতুন বজ্রকণ্ঠে স্লোগান উঠেছে। উপস্থিত জনতা তার সঙ্গে প্রতিধ্বনি করেছেন।জাতীয় জাদুঘরের সামনে জাগরণ মঞ্চে সারাক্ষণই চলেছে স্বাক্ষর সংগ্রহ। গত দুই দিনে প্রায় ৩০ হাজার মানুষ এতে স্বাক্ষর করেছেন। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের সঙ্গে যুক্তদের ফাঁসিসহ ছয় দফা দাবির পক্ষে সমর্থন জানিয়েছেন তারা। সংগঠকেরা জানান, সারা দেশের জাগরণ মঞ্চে স্বাক্ষর ফরম পাঠানো হয়েছে। ফেসবুকসহ নানা সামাজিক নেটওয়ার্কে স্বাক্ষর ফরম পাঠিয়ে দেওয়া হয়েছে। তাতেও স্বাক্ষর সংগ্রহ চলছে বলে জানান সংগঠকেরা। গতকাল শাহবাগের জাগরণ মঞ্চের মূল সংগঠকেরা সকাল থেকেই রায়েরবাজারের সমাবেশ নিয়ে ব্যস্ত ছিলেন। আন্দোলনের পরবর্তী করণীয় ঠিক করতে ব্লগার, অনলাইন অ্যাকটিভিস্ট ও ছাত্রসংগঠনগুলো একের পর এক সভা করেছে। তাদের অভাব পূরণে এগিয়ে এসেছেন বিভিন্ন সাংস্কৃতিক ও ছাত্রসংগঠনের নেতারা। তাঁরা গতকাল শাহবাগের সমাবেশের চাকা চালিয়ে যেতে তৎপর ছিলেন। গান, কবিতা আর স্লোগানও চলেছে আগের মতোই। কিছুক্ষণ পর পর স্লোগান উঠেছে, ‘আর নয় প্রতিরোধ, এবার নেব প্রতিশোধ’। বেলা তিনটায় সাংসদ তারানা হালিমের নেতৃত্বে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আসে শাহবাগে। সঙ্গে ছিলেন অভিনেতা এ টি এম শামসুজ্জামান ও নাট্য অভিনেতা জামালউদ্দিন। তাঁরা আন্দোলন মঞ্চে এসে সংহতি জানিয়ে যান। তাঁরা জনতার উদ্দেশে বলেন, এই প্রজন্মের মুক্তিযোদ্ধাদের লড়াইয়ে আমরা আছি, থাকব। এ লড়াই চালিয়ে যেতে হবে।’ তাঁরা জাদুঘরের সামনে জাগরণ মঞ্চের দাবির সঙ্গে সংহতি জানিয়ে স্বাক্ষর করেন। শাহবাগ ছাড়ব না: সকাল গড়িয়ে দুপুর হতেই মঞ্চের দিকে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে মিছিল আসতে থাকে। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীদের একটি মিছিল দুপুর ১২টার দিকে সমাবেশস্থলে আসে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীবৃন্দ ব্যানারে প্রগতিশীল ছাত্রসংগঠনের সদস্যরা জামায়াত-শিবির নিষিদ্ধ করা এবং ব্লগারদের বিরুদ্ধে মিথ্যা সংবাদ পরিবেশন করে সাম্প্রদায়িক উসকানি দেওয়ার অপরাধে আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানকে গ্রেপ্তারের দাবি জানান তাঁরা। রাতে জাগরণ মঞ্চে আসেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ার হোসেন। তিনি আজকের হরতালে বিএনপির সমর্থন দেওয়ার সমালোচনা করে বলেন, এর মাধ্যমে তারা যুদ্ধাপরাধীদের পক্ষে নিজেদের অবস্থান পুনর্ব্যক্ত করে জনগণের বিপক্ষে নিজেদের পরিষ্কার করল। জামায়াত-শিবির এবং তাদের সহযোগীদের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।