দুই দিনে ৫০০ নারী আ.লীগের ফরম সংগ্রহ করলেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দশম জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রির দ্বিতীয় দিন ছিল গতকাল বৃহস্পতিবার। এ নিয়ে গতকালও দলের ধানমন্ডির কার্যালয়ের পরিবেশ ছিল উৎসবমুখর। আজ দলীয় ফরম বিক্রি ও জমা নেওয়া শেষ হবে।
নবম জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী গতকাল মনোনয়ন ফরম তুলেছেন। তাঁর ব্যক্তিগত সহকারী এ ফরম সংগ্রহ করেন। স্পিকার ৫ জানুয়ারির নির্বাচনে কোনো সংসদীয় আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা না করায় সংরক্ষিত নারী আসন থেকে নির্বাচন করছেন। নবম সংসদেও তিনি সংরক্ষিত আসনের সাংসদ হয়ে স্পিকার নির্বাচিত হয়েছিলেন।
গতকাল বেলা ১১টা থেকে ফরম বিক্রির কার্যক্রম শুরু হলেও সকাল সাড়ে নয়টা থেকেই সরব হয়ে ওঠে আওয়ামী লীগের ধানমন্ডির কার্যালয়। মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগসহ আওয়ামী লীগের সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেত্রীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা এলাকা। নারী নেত্রীদের পাশাপাশি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন জনপ্রিয় তারকারাও। গতকাল দ্বিতীয় দিনে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩০০ জন মনোনয়নপত্র তুলেছেন। জমা দিয়েছেন প্রায় ১৫০ জন। একটি ফরম বিক্রি হচ্ছে ২৫ হাজার টাকায়।
মনোনয়ন ফরম বিক্রির দায়িত্বে থাকা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, ‘যাঁরা রাজনীতির মাঠে সক্রিয় ছিলেন, পরিচ্ছন্ন ভাবমূর্তির ও ২০৪১ রূপকল্প অনুযায়ী কাজ করে যাচ্ছেন, আমরা তাঁদেরই মনোনয়ন দেব।’
গতকাল অভিনয়শিল্পী তারানা হালিম, ফাল্গুনী হামিদ ও রত্না মনোনয়নপত্র সংগ্রহ করে জমা দিয়েছেন। এ ছাড়া যাঁরা গতকাল মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন তাঁরা হলেন আশরাফুন্নেছা মোশাররফ, ফরিদুন্নাহার লাইলী, খাদিজা খাতুন, শেফালী আক্তার, এথিন রাখাইন, চেমন আরা তৈয়ব, নাজমা আক্তার, অপু উকিল, জিন্নাতুন নেসা তালুকদার, শেফালী মমতাজ, জাহানারা বেগম প্রমুখ।
আগামী রোববার বিকেল তিনটায় গণভবনে আওয়ামী লীগের সংসদীয় বোর্ড মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেবে।