দুই দিনেও খোঁজ মেলেনি শিশুটির অভিভাবকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানসিক ভারসাম্যহীন ১২ বছরের এক শিশুকে ফুটপাতে পড়ে থাকতে দেখে উদ্ধার করে পুলিশের হেফাজতে দেন তিন যুবক। তবে দুই দিনেও শিশুটির অভিভাবকের সন্ধান পাওয়া যায়নি। অবশেষে গতকাল বৃহস্পতিবার শিশুটিকে মানিকগঞ্জ জেলা কারাগারের সেফ হোমে রাখা হয়।

মানিকগঞ্জ সদর থানার পুলিশ জানায়, গত মঙ্গলবার সন্ধ্যায় জেলা শহরের বিজয় মেলা মাঠের পাশে শিশুটিকে বসে থাকতে দেখেন তিন যুবক। কথাবার্তা বলে মানসিক ভারসাম্যহীন বুঝতে পেরে তাঁরা শিশুটিকে থানায় নিয়ে যান। পুলিশের জিজ্ঞাসাবাদে শিশুটি বলে, তার নাম আরিফুল ইসলাম। যশোরের কেশবপুর উপজেলার সাতবাড়িয়া গ্রামের আবদুল আহাদ তার বাবা। তবে পুলিশ ওই ঠিকানায় যোগাযোগ করে শিশুটির অভিভাবকের কোনো সন্ধান পায়নি। গতকাল দুপুরে শিশুটিকে মানিকগঞ্জের বিচারিক হাকিমের আদালতে পাঠায় পুলিশ। এরপর হাকিমের নির্দেশে শিশুটিকে জেলা কারাগারের সেফ হোমে পাঠানো হয়।

যোগাযোগ করা হলে গতকাল বিকেলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, চেষ্টা করেও শিশুটির অভিভাবকের খোঁজ পাওয়া যায়নি। কাল (আজ শুক্রবার) শিশুটিকে গাজীপুরের কিশোর উন্নয়ন কেন্দ্রে পাঠানো হবে।