দুই দিনেও গ্রেপ্তার হয়নি ৫ আনসার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী ধর্ষণের ঘটনায় জড়িত পাঁচ আনসার সদস্যকে দুই দিনেও গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। এদিকে এ ঘটনার পর ঢাকা মেডিকেলে দায়িত্ব পালন করা ১৪ নারীসহ ১৯০ আনসারকে সেখান থেকে সরিয়ে নিতে শুরু করেছে আনসার কর্তৃপক্ষ।
শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু বকর সিদ্দিক গতকাল প্রথম আলোকে বলেন, ঘটনার পর পাঁচ আনসার সদস্য পালিয়ে গেছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। তরুণী ধর্ষণের ঘটনায় গ্রেপ্তারের পর রিমান্ডে নেওয়া আনসার আতিকুল ইসলামের রিমান্ডের গতকাল ছিল প্রথম দিন।
কুমিল্লার হোমনার বাড়ি থেকে বেরিয়ে ওই তরুণী সপ্তাহ খানেক আগে নিখোঁজ হন। এরপর ২৭ অক্টোবর রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বহির্বিভাগে এসে ধর্ষণের শিকার হন। হাসপাতালের আনসার ক্যাম্পের ছয় সদস্য তাঁকে ধর্ষণ করেছেন বলে তিনি শাহবাগ থানায় করা মামলায় উল্লেখ করেন। আনসার কর্তৃপক্ষ ওই দিনই ছয় আনসার সদস্য—সহকারী প্লাটুন কমান্ডার আতিকুল ইসলাম, একরামুল হক, সদস্য আমিনুল ইসলাম, মীর সিরাজ, মিনহাজুল ইসলাম ও বাবুল মিয়াকে চাকরিচ্যুত করে।
আনসার সদস্যদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তে উচ্চপর্যায়ে একটি কমিটি গঠন করেছে আনসার ও ভিডিপি অধিদপ্তর। ওই কমিটি তদন্ত শুরু করেছে।
ঢাকা জেলা আনসারের কমান্ড্যান্ট সাইফুল্লাহ রাসেল গতকাল প্রথম আলোকে বলেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪ জন নারীসহ ১৯০ আনসার সদস্য দায়িত্বরত আছেন। ইতিমধ্যে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আনসার সদস্যদের সরিয়ে নেওয়া শুরু হয়েছে। সাধারণ বদলি প্রক্রিয়ার অংশ হিসেবে পর্যায়ক্রমে তাঁদের সবাইকে সেখান থেকে সরিয়ে নেওয়া হবে বলে জানান সাইফুল্লাহ রাসেল।
ধর্ষণের ঘটনা তদন্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে। কমিটিকে সাত কর্মদিবসে প্রতিবেদন দিতে বলা হয়েছে। কমিটি আজ (শনিবার) থেকে তদন্ত করবে।