জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কক্সবাজারের মহেশখালী উপজেলায় গত সোমবার সকাল সাড়ে আটটার দিকে দুই পক্ষের সংঘর্ষে কলেজছাত্র শাহিনুর ইসলাম (২২) নিহত হওয়ার ঘটনায় গতকাল মঙ্গলবার রাত সাড়ে নয়টা পর্যন্ত থানায় কোনো মামলা হয়নি।তবে গত দুই দিনেও কোনো মামলা না হওয়ায় শাহিন হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশের হাতে গ্রেপ্তারকৃত নয়জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে গতকাল দুপুরে পুলিশ কক্সবাজার সদরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদের জেলহাজতে পাঠান। এ বিষয়ে জানতে চাইলে গতকাল রাত নয়টায় মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহামঞ্চদ মাহবুবুল হক প্রথম আলোকে বলেন, বাদীপক্ষের লোকজন মামলা করতে দেরি করায় গ্রেপ্তারকৃত নয়জনকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তবে পরবর্তী সময়ে এদের বিরুদ্ধে মামলা হলে, তাদের ওই মামলায় গ্রেপ্তার দেখানো হবে বলে তিনি জানান।এদিকে নিহত কলেজছাত্র শাহিনুরের মরদেহ কক্সবাজার সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় শাপলাপুর ইউনিয়নের জেমঘাট ঢালারমুখ জামে মসজিদের কবরস্থানে দাফন করা হয়েছে।