দুই দিনেও মেরামত হয়নি ভেঙে যাওয়া বেড়িবাঁধ
খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নের কপোতাক্ষ নদের ঘাটাখালি এলাকায় ভেঙে যাওয়া বেড়িবাঁধের সংস্কার এখনো করা সম্ভব হয়নি। গতকাল সোমবার সকালে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে রিং বাঁধ দিয়ে পানি আটকানোর চেষ্টা করা হলেও দুপুরের প্রবল জোয়ারের পানিতে তা আবার ভেসে যায়।
গত শনিবার রাতে জোয়ারের চাপে পাউবোর ১৩-১৪/২ পোল্ডারের কপোতাক্ষ নদের ওই অংশের প্রায় দেড় শ ফুট বাঁধ নদীগর্ভে বিলীন হয়ে যায়।
দুই দিনেও বাঁধ সংস্কার সম্ভব না হওয়ায় জোয়ারের পানিতে নতুন করে প্লাবিত হচ্ছে আরও গ্রাম। এতে পানিবন্দী হয়ে পড়েছে হাজার হাজার পরিবার। তারা খোলা আকাশের নিচে ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে মানবেতর জীবন যাপন করছে।
জানা গেছে, ভেঙে যাওয়া বাঁধ দিয়ে পানি ঢুকে কয়রা সদর ইউনিয়নের ঘাটাখালি, গোবরা পূর্ব চক, হরিণখোলা, ২ নম্বর কয়রা, ১ নম্বর কয়রা, মদিনাবাদ গ্রামের আংশিক লোনা পানিতে প্লাবিত হয়েছে।
কয়রা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম শফিকুল ইসলাম জানান, ভোর থেকেই স্বেচ্ছাশ্রমে বাঁধ সংস্কারের কাজ শুরু হয়। কিন্তু দুপুরে জোয়ারের পানিতে ওই বাঁধ আবার ভেসে গেছে। যেহেতু এখন দুর্যোগপূর্ণ আবহাওয়া রয়েছে, তাই রাতে জোয়ারের পানি বাড়তে পারে। আর এতে অন্তত আরও দুটি গ্রাম নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি জানান, প্লাবিত হওয়ায় ১ হাজার ২০০ পরিবার বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এর মধ্যে ২৫-৩০টি পরিবারের ঘর পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। অন্যরা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্গত মানুষ বেড়িবাঁধ ও ঘূর্ণিঝড় আশ্রয়কেন্দ্রে অবস্থান নিয়েছে।
কয়রা উপজেলা চেয়ারম্যান আ খ ম তমিজ উদ্দিন বলেন, দুর্গত মানুষের জন্য উপজেলা পরিষদ থেকে ৫০ হাজার টাকার শুকনো খাবার কিনে দেওয়া হয়েছে। জেলা প্রশাসন থেকে ২৫০ মণ চাল বরাদ্দ দেওয়া হয়েছে। আগামীকাল (আজ) ওই চাল বিতরণ করা হবে। আগামীকাল আবার বাঁধ নির্মাণের চেষ্টা করা হবে। আর ওই খরচ বহন করবে উপজেলা পরিষদ।
কয়রার ওই এলাকা রয়েছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের সাতক্ষীরা রেঞ্জের মধ্যে। সাতক্ষীরা পাউবোর অতিরিক্ত দায়িত্বে থাকা উপবিভাগীয় প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, রাতে পাউবোর সাতক্ষীরা রেঞ্জের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করে ওই বাঁধ ঠিক করার বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পানি আটকানো সম্ভব না হলে মূল বাঁধের কাজ করা সম্ভব নয় বলে তিনি জানান।