দুই দিনেও মেরামতকাজ শুরু হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পদ্মা নদীর তীর সংরক্ষণ বাঁধের ৫০ মিটার অংশ নদীগর্ভে বিলীন হওয়ার দুই দিন পরও গতকাল সোমবার পর্যন্ত ভাঙনরোধের কোনো কাজ শুরু করা হয়নি। তবে পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানিয়েছে, কাজ করার জন্য ঠিকাদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কাজ শুরু করেছেন।

গত শনিবার রাত পৌনে ১০টার দিকে ফরিদপুর শহরতলির ডিক্রিরচর ইউনিয়নের মুন্সিডাঙ্গি এলাকার মাছুম ব্যাপারীর বাড়ির কাছে নদীর তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার পদ্মা নদীতে বিলীন হয়ে যায়। ভাঙনরোধে ব্যবস্থা না নেওয়ায় পরদিন রোববার আরও ১০ মিটার বাঁধ ভেঙে যায়।

ডিক্রিরচর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. সাদিকুজ্জামান বলেন, ভাঙনরোধে ঘটনাস্থলে এখনো কাজ শুরু করেনি পাউবো। এ ব্যাপারে পাউবোর নির্বাহী প্রকৌশলীকে বলেও প্রতিকার মেলেনি। ফলে এলাকাবাসীর মনে ভাঙনের আতঙ্কের পাশাপাশি ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ফরিদপুর পাউবোর নির্বাহী প্রকৌশলী সুলতান মাহমুদ গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, ‘ঠিকাদার পেতে সমস্যা হয়েছে বলে ভাঙন প্রতিরোধে কাজ শুরু করতে দেরি হয়েছে। আমরা ঠিকমতো টাকা দিতে পারি না বলে ঠিকাদারেরা প্রথম পর্যায়ে কাজে উৎসাহী হয়নি। তবে অবশেষে একজন ঠিকাদার পাওয়া গেছে। তাঁকে কাজ করার অনুমতি দেওয়া হয়েছে। তিনি বালুসহ প্রয়োজনীয় রসদ সংগ্রহ শুরু করেছেন।

সুলতান মাহমুদ আরও জানান, প্রাথমিক পর্যায়ে ভাঙনকবলিত জায়গায় বালুভর্তি তিন হাজার জিও টেক্সটাইলের ব্যাগ ফেলার উদ্যোগ নেওয়া হয়েছে। এগুলো ফেলার পর প্রয়োজন হলে জিও টেক্সটাইল ব্যাগের সংখ্যা আরও বাড়ানো হবে বলে তিনি জানিয়েছেন।

গতকাল সোমবার প্রথম আলোয় ‘ফরিদপুরে তীর সংরক্ষণ বাঁধের ৪০ মিটার পদ্মায় বিলীন’ শিরোনামে খবর প্রকাশিত হয়।