চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের ছাত্র তারিকুল ইসলামকে অপহরণের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের এক দোকানিকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রোববার ভোরে হাটহাজারী থানার পুলিশের সহযোগিতায় চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার পুলিশ অভিযান চালিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসংলগ্ন জোবরা গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গ্রেপ্তার দোকানির নাম পিন্টু। বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটকের পাশে তাঁর দোকান রয়েছে। অপহৃত তারিকুল এই দোকানে আড্ডা দিতেন। গত শুক্রবার ওই দোকান থেকে তারিকুলের ব্যাগ আনতে গিয়েছিলেন তাঁর বন্ধু ও একই বিভাগের ছাত্র নুরুল্লাহ।
শুক্রবার অপহৃত হওয়ার পর গতকাল রাত আটটা পর্যন্ত তারিকুল ইসলামের সন্ধান পাওয়া যায়নি। পুলিশ বলছে, তারিকুলকে উদ্ধারের চেষ্টা চলছে।
নুরুল্লাহ গতকাল মুঠোফানে প্রথম আলোকে বলেন, শুক্রবার দুপুরে ১ নম্বর গেটের ওই দোকানে পৌঁছানোর আগেই পিন্টু তাঁর মুঠোফোনে অন্তত চারবার কল করেন। দ্রুত যাওয়ার জন্য বারবার তাগাদা দিচ্ছিলেন তিনি। তাঁর স্টেশনারি ও ফটোকপির দোকানে পৌঁছার সঙ্গে সঙ্গে দুজন দুই দিক থেকে তাঁকে ধরে ফেলেন। এরপর তিন-চারজন তাঁকে মারতে থাকেন। পরে একটি প্রাইভেট কারে তাঁকে তুলে নেন তাঁরা। এ কারণে ঘটনার সঙ্গে পিন্টু জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করছেন তিনি।
এ বিষয়ে পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ প্রথম আলোকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের দোকানদার পিন্টু অপহরণকারীদের চেনেন। তাঁকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। তাঁর দোকানের সামনে নুরুল্লাহকে মারধর করা হয়। অপহরণকারী চারজনের পরিচয় পাওয়া গেছে। অপহরণের কারণও কিছুটা জানা গেছে।
শুক্রবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর ফটক এলাকায় নুরুল্লাহকে মারধর করে একটি প্রাইভেট কারে তুলে নেয় চার দুর্বৃত্ত। এরপর তাঁর মুঠোফোন দিয়ে তারিকুল ইসলামকে ফোন করে চট্টগ্রাম নগরের মুরাদপুর এলাকায় আসতে বলা হয়। তারিকুল সেখানে যাওয়ার পর দুর্বৃত্তরা নুরুল্লাহকে ছেড়ে দিয়ে একই গাড়িতে তারিকুলকে তুলে অজ্ঞাত জায়গায় নিয়ে যায়। এ ঘটনায় শনিবার দুপুরে তারিকুলের আরেক সহপাঠী আল আমিন নগরের পাঁচলাইশ থানায় অপহরণ মামলা করেন।