প্রস্তাবিত অষ্টম জাতীয় বেতনকাঠামো পুনর্নির্ধারণ করে সিলেকশন গ্রেড বহাল, শিক্ষকদের জন্য আলাদা বেতনকাঠামো প্রবর্তন করাসহ চার দফা দাবিতে ৮ ও ১৩ সেপ্টেম্বর পূর্ণ দিবস কর্মবিরতি পালন করবেন দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। ওই দুই দিন তাঁরা কোনো পরীক্ষার দায়িত্ব পালন করবেন না।
গতকাল শনিবার বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এর আগেও একই দাবিতে কর্মবিরতিসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। তবে তখন পরীক্ষাগুলো ওই কর্মবিরতির আওতার বাইরে ছিল। দেশে বর্তমানে ৩৭টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে।
গতকাল শিক্ষক ফেডারেশনের সভাপতি ফরিদ উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক এ এস এম মাকসুদ কামাল স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, শিক্ষকেরা আগামী মঙ্গলবার নিজ নিজ ক্যাম্পাসে শোভাযাত্রা করবেন এবং রোববার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় সমাবেশ শেষে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেবেন। এ ছাড়া আগামী বৃহস্পতিবার বিভিন্ন জাতীয় দৈনিকের সম্পাদক ও ইলেকট্রনিক মিডিয়ার কর্তৃপক্ষের সঙ্গে শিক্ষকনেতারা মতবিনিময় করবেন।
বাংলাদেশ শিক্ষক সমিতির সংবাদ সম্মেলন: নতুন বেতনকাঠামোতে বেসরকারি শিক্ষকদের অন্তর্ভুক্তি, শিক্ষকদের আলাদা বেতনকাঠামো প্রণয়ন, চাকরির বয়সসীমা ৬৫-তে উন্নীতকরণসহ আট দফা দাবি জানিয়েছে বাংলাদেশ শিক্ষক সমিতি। গতকাল ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি আবুল বাশার হাওলাদার ও মহাসচিব আ. ছালাম খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০ সেপ্টেম্বরের মধ্যে দাবি পূরণ না হলে আগামী ১ অক্টোবর থেকে শিক্ষাপ্রতিষ্ঠানে অনির্দিষ্টকালের কর্মবিরতি ও আসন্ন জেএসসি পরীক্ষায় অংশ নেওয়া থেকে বিরত থাকবেন শিক্ষকেরা।