দুই দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ডাকে গতকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল চলাকালে দলীয় নেতা-কর্মীদের ওপর পুলিশি নির্যাতন ও সাংসদদের ওপর হামলার প্রতিবাদে দুই দিনের কর্মসূচি দিয়েছে দলটি। গতকাল সোমবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে দলের মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন কর্মসূচি ঘোষণা করেন। কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার ঢাকার মুক্তাঙ্গনে এবং বুধবার জেলা ও থানা সদরে বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করবে বিএনপি। খোন্দকার দেলোয়ার দাবি করেন, জনগণের দাবি আদায়ে হরতাল দেওয়া হয়েছে। সরকার দমন-নির্যাতন চালিয়েও হরতালকে বানচাল করতে পারেনি। তিনি হরতাল পালনের সময় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে পুলিশের দফায় দফায় হামলা, ধানমন্ডিতে ঢাকা জেলা বিএনপির সভাপতি আবদুল মান্নানের বাসায় হামলা, সারা দেশে নেতা-কর্মীদের ওপর সরকারি দলের কর্মীদের ও পুলিশি হামলার নিন্দা জানান। হরতালে ঢাকাসহ সারা দেশে পাঁচ শতাধিক নেতা-কর্মী গ্রেপ্তার ও আট শতাধিক আহত হয়েছেন বলে দাবি করেন বিএনপির মহাসচিব। সংবাদ সম্মেলনে জানানো হয়, যুবদলের সিনিয়র সহসভাপতি আবদুস সালাম, সাংগঠনিক সম্পাদক আ ক ম মোজাম্মেল হক, হারুন মোল্লাসহ কয়েকজন নেতা-কর্মী গুরুতর আহত হয়েছেন।