দুই দিনের কর্মসূচি দিয়ে বাম মোর্চার রোডমার্চ শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চ শেষ দিনে কোনো বাধাবিঘ্নের মুখে পড়েনি। রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধ ও সুন্দরবন রক্ষার দাবিতে তাদের এ রোডমার্চ গতকাল রোববার শেষ হয়েছে বাগেরহাটের কাটাখালী মোড়ে সমাবেশের মধ্য দিয়ে।
কাটাখালীর সমাবেশ থেকে রোডমার্চে আগের দুই দিন লাঠিপেটা ও বাধার প্রতিবাদে আগামীকাল ২০ অক্টোবর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ এবং ৫ নভেম্বর দেশব্যাপী সুন্দরবন সংহতি দিবস পালনের ঘোষণা দেওয়া হয়।
ঢাকার বাইরে থেকে প্রতিনিধিদের পাঠানো খবর:
গত শুক্রবার ঢাকা থেকে শুরু হয়েছিল এই রোডমার্চ। প্রথম দিনে মানিকগঞ্জে তাদের নেতা-কর্মীদের লাঠিপেটা করে পুলিশ। পরদিন মাগুরায় লাঠিপেটা ছাড়াও রাজবাড়ীর গোয়ালন্দ, ঝিনাইদহ ও যশোরে পুলিশ তাদের কর্মসূচিতে বাধা দেয়।
শনিবার যশোরে বাধা পেয়ে রাতে খুলনায় গিয়েছিলেন বাম মোর্চার নেতা-কর্মীরা। গতকাল বেলা আড়াইটার দিকে খুলনা শহরের শহীদ হাদিস পার্কে তাঁরা সমাবেশ করেন। সমাবেশে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকী বলেন, ‘সুন্দরবন আমাদের সম্পদ। পরিবশ মন্ত্রণালয় লোক দেখানো একটি পরিবেশ সুরক্ষা প্রতিবেদন করেছে। তাতে দেখানো হয়েছে, রামপালে বিদ্যুৎ প্রকল্প হলে পরিবেশ তথা সুন্দবনের কোনো ক্ষতি হবে না। আমরা এ প্রতিবেদন প্রত্যাখ্যান করছি।’
আগের দুই দিন কর্মসূচিতে পুলিশের লাঠিপেটা ও বাধা দেওয়ার বিষয়টি উল্লেখ করে ইউনাইটেড কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বলেন, ‘আমরা সরকার উৎখাতের দাবিতে আন্দোলন করছি না, দেশের জাতীয় সম্পদ রক্ষায় পথে নেমেছি। কিন্তু সেটাও সরকারের সহ্য হচ্ছে না।’
গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশরেফা মিশু বলেন, ইউনেসকো থেকে শুরু করে বিভিন্ন আন্তর্জাতিক সংগঠন রামপালে বিদ্যুৎকেন্দ্র না করার পক্ষে মত দিয়েছে। সেখানে সরকার দেশের জনগণ ও আন্তর্জাতিক সংগঠনগুলোর কথায় কান না দিয়ে ভারতের স্বার্থ রক্ষায় মরিয়া হয়ে উঠেছে।
সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির খুলনা জেলার সমন্বয়কারী গোলাম মোস্তফা, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ-মার্ক্সবাদী) খুলনা জেলা সমন্বয়কারী বিপ্লব কান্তি মণ্ডল, সমাজতান্ত্রিক দলের কেন্দ্রীয় নেতা ইয়াসিন মিয়া প্রমুখ। সভাপতিত্ব করেন গণতান্ত্রিক বাম মোর্চার খুলনার সমন্বয়ক মোস্তফা খালিদ।
খুলনা থেকে যাত্রা করে সন্ধ্যা ছয়টার দিকে রোডমার্চটি বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাটাখালী মোড়ে পৌঁছায়। সন্ধ্যার আগে থেকেই সেখানে মোতায়েন ছিল পুলিশ। তবে বাধাবিঘ্ন ছাড়াই পৌনে সাতটার দিকে সমাবেশের মধ্য দিয়ে তিন দিনের কর্মসূচি শেষ হয়। গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক সাইফুল হক বলেন, শিল্পের জন্য বিদ্যুৎ প্রয়োজন। তবে সেই বিদ্যুৎ পেতে হবে সুন্দরবন ও পরিবেশকে রক্ষা করে। সুন্দরবনের পাশে তাপবিদ্যুৎকেন্দ্র নির্মাণ করা হলে ২০-২৫ বছরের মধ্যে সুন্দরবন হারিয়ে যাবে।
বাম মোর্চার বাগেরহাট জেলা সমন্বয়ক রণজিৎ চট্টোপাধ্যায়ের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন জোনায়েদ সাকী, মোশারফ হোসেন, মোশরেফা মিশু, বাসদের কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য বহ্নিশিখা জামাল প্রমুখ।
হামলার ঘটনায় বিএনপি ও আসকের নিন্দা: গণতান্ত্রিক বাম মোর্চার রোডমার্চে আগের দুই দিন পুলিশের লাঠিপেটার ঘটনার নিন্দা জানিয়েছে বিএনপি। গতকাল এক বিবৃতিতে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন বলেন, সম্পূর্ণ জেদের বশে সরকার সুন্দরবনের কাছেই কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প এগিয়ে নেওয়ার গোঁ ধরে বসে আছে। এখন প্রতিবাদকারীদের স্তব্ধ করতে চাইছে।
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সংবাদ বিজ্ঞপ্তিতে বাম মোর্চার রোডমার্চে লাঠিপেটা ও বাধা দেওয়ার ঘটনায় নিন্দা জানানো হয়।