দুই দিনের ছুটিতে দুই বছর!
চলতি বছরের ১৮ জানুয়ারি থেকে আবু কালাম কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উসমানপুর ৪ নম্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত আছেন। কর্মজীবনের প্রায় এক বছর অতিক্রান্ত হতে চলেছে। প্রধান শিক্ষককে দেখার সৌভাগ্য হয়নি তাঁর। দুই বছরের অধিক সময় ধরে শাহীন আরা জাহান কর্মস্থলে অনুপস্থিত। কিন্তু কাগজে-কলমে এখনো তিনি বিদ্যালয়টির প্রধান শিক্ষক। খোঁজ নিয়ে জানা গেছে, তথ্য গোপন করে ওই প্রধান শিক্ষক এখন পরিবারের সঙ্গে অস্ট্রেলিয়া প্রবাস জীবন যাপন করছেন। সহকারী শিক্ষক আবু কালাম প্রথম আলোকে বলেন, ‘যোগদান করে আমি ম্যাডামকে (প্রধান শিক্ষক শাহীন আরা জাহান) দেখিনি।’ উপজেলা শিক্ষ অফিস থেকে জানা যায়, প্রধান শিক্ষক শাহীন আরা জাহান অসুস্থজনিত কারণ দেখিয়ে ২০০৯ সালের ১৩ ও ১৪ অক্টোবর দুই দিনের ছুটি নেন। এরপর আর তাঁর দেখা মেলেনি। এদিকে প্রধান শিক্ষকের বিদেশে অবস্থান করার বিষয়টি নিশ্চিত হওয়ার পর জেলা শিক্ষা অফিস থেকে চলতি বছরের ১১ আগস্ট কারণ দর্শাও নোটিশ দেওয়া হয়। কিন্তু প্রধান শিক্ষক এখন পর্যন্ত ওই নোটিশের কোনো জবাব দেননি।কুলিয়ারচর উপজেলা শিক্ষা কর্মকর্তা শহীদুল ইসলাম বিন হেলাল প্রথম আলোকে বলেন, ‘শাহীন আরা জাহান অস্ট্রেলিয়া আছেন। তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।’ প্রধান শিক্ষক বেতন তুলছেন কি না, এমন প্রশ্নের জবাবে শিক্ষা কর্মকর্তা বলেন, ‘বর্তমানে তাঁর সব আর্থিক সুযোগ-সুবিধা স্থগিত রাখা হয়েছে।’ শাহীন আরা জাহানের সন্ধান করতে খোঁজ নেওয়া হয় তাঁর নিজ বাড়ি কুলিয়ারচর উপজেলার ছয়সুতি ইউনিয়নের মাটিকাটা গ্রামে। সেখান থেকে জানানো হয়, শাহীন আরা জাহান অস্ট্রেলিয়া আছেন। কবে ফিরবেন কেউ জানেন না।