দুই দিনের নাটুয়া উৎসব শেষ হলো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর এলাকায় শহীদ মিনার প্রাঙ্গণে দুই দিনব্যাপী নাটুয়া উৎসব গত শুক্রবার রাতে শেষ হয়েছে। শীতের তীব্রতা উপেক্ষা করে উৎসব উপভোগ করতে বিপুলসংখ্যক দর্শকের সমাগম হয় সেখানে। দুই দিনব্যাপী ওই উৎসব গত বৃহস্পতিবার সন্ধ্যায় শুরু হয়।
আয়োজক ও দর্শকেরা বলেন, শীত এলেই রাত জেগে পরিবারের ছোট-বড় সবাই মিলে জড়ো হয়ে একসঙ্গে যাত্রা-নাটক উপভোগ ছিল গ্রামবাংলার চিরায়ত ধারা। কালের বিবর্তনে যখন তা হারাতে বসেছে এমন সময়ে এ আয়োজন দর্শকদের শুধু সংস্কৃতির শিকড়েই টানবে না; জঙ্গিবাদ, সন্ত্রাস, মাদকসহ নানা অপরাধ থেকে যুবসমাজকে ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা রাখবে।
উৎসবে নাটোর, টাঙ্গাইলসহ স্থানীয় বেশ কয়েকটি সংগঠন অংশ নেয়। বাগাতিপাড়ার চলন নাটুয়া সংগঠনের আয়োজনে উৎসবের প্রথম দিন মঞ্চস্থ হয় শিশুতোষ নাটক বন কাব্য ও যাত্রাপালা বিজয় বসন্ত। দেবাশীষ কণ্ডুর নির্দেশনায় বাগাতিপাড়ার বকুল স্মৃতি থিয়েটার মঞ্চস্থ করে আহসান কবীর রচিত বন কাব্য। হীরেন্দ্র কুমার দাস রচিত বিজয় বসন্ত নাটকটি মঞ্চস্থ করেন চলন নাটুয়ার শিল্পীরা। এ নাটকের সার্বিক নির্দেশনায় ছিলেন সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেন। সমাপনী দিন শুক্রবার রাতে টাঙ্গাইলের ভূঞাপুরের ধূমকেতু থিয়েটার মঞ্চস্থ করে মান্নান হীরা রচিত খ্যাঁকশিয়াল, নাটোরের ইঙ্গিত থিয়েটার মঞ্চস্থ করে প্রদীপ দেওয়ানজী রচিত দাবি ও চলন নাটুয়া মঞ্চস্থ করে সিকান্দার আবু জাফর রচিত সিরাজউদ্দৌলা।
চলন নাটুয়া সাংস্কৃতিক সংগঠনের আহ্বায়ক ফারুক হোসেন বলেন, দ্বিতীয়বারের এ উৎসবে তাঁরা যে দর্শক সাড়া পেয়েছেন তাতে এ ধরনের আয়োজন অব্যাহত রাখা যাবে। প্রয়োজন শুধু পৃষ্ঠপোষকতার।
সাংসদ আবুল কালাম আজাদ তাঁর উদ্বোধনী বক্তব্যে বলেন, একসময় বাংলার আনাচকানাচে শীত এলেই যাত্রাগানের আসর বসত। একশ্রেণির অসাধু মানুষের কারণে এ শিল্প অশ্লীলতায় ডুবে গেছে। সন্ত্রাস-জঙ্গিবাদ এবং অপসংস্কৃতির কারণে বর্তমানে এ শিল্প ধুঁকে ধুঁকে চলছে। চলন নাটুয়া অশ্লীলতামুক্ত নাটকসহ যাত্রাপালা মঞ্চায়নের মাধ্যমে সুস্থ ধারায় সংস্কৃতিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
প্রতিবছর এ ধরনের উৎসব আয়োজনের ওপর তাগিদ দিয়ে সহযোগিতারও আশ্বাস দেন সাংসদ।