দুই দিনের প্রশিক্ষণ দুই ঘণ্টায় শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক কক্ষে ৪০ জন নারী-পুরুষ বসা। তাঁরা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য ও অভিভাবক প্রতিনিধি। সবাই যে যার মতো গল্প করছেন। এর মধ্যে কাগজে প্রত্যেকের স্বাক্ষর নিচ্ছেন একজন। স্বাক্ষর নেওয়ার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা সবার উদ্দেশে কিছু সময় বক্তব্য দেন। শেষে অংশগ্রহণকারীদের হাতে ধরিয়ে দেওয়া হয় নির্ধারিত ‘ভাতা’।
এভাবেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ১৩৩টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক, পরিচালনা কমিটি ও অভিভাবক প্রতিনিধিদের নিয়ে ‘বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন পরিকল্পনা গ্রহণ-বিষয়ক প্রশিক্ষণ’ হচ্ছে। টানা দুই দিন এই প্রশিক্ষণ হওয়ার কথা থাকলেও দুই ঘণ্টায় সেই প্রশিক্ষণের যাবতীয় কাজ শেষ করা হচ্ছে। বিদ্যালয়ভিত্তিক উন্নয়ন, পাঠদান আকর্ষণীয় করা, গুণগত মান বৃদ্ধি, স্থানীয় লোকজনকে উন্নয়নে সম্পৃক্ত করা এবং বিদ্যালয়ের বরাদ্দ ব্যয়ে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার লক্ষ্যে এই প্রশিক্ষণ।
সংশ্লিষ্ট কার্যালয় থেকে জানা গেছে, ১৭ জুন থেকে উপজেলার উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণ শুরু হয়েছে। ১৭টি ব্যাচে মোট ৬৬৫ জন প্রশিক্ষণ নেবেন। প্রতিটি ব্যাচ প্রশিক্ষণের জন্য বরাদ্দ আছে ৬৪ হাজার ১৮০ টাকা। গত সোমবার পর্যন্ত ১১২টি বিদ্যালয়ের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। একটি বিদ্যালয় থেকে পাঁচজন করে অংশ নিচ্ছেন। অংশগ্রহণকারী ব্যক্তিদের দুই দিনের সম্মানী, যাতায়াত ও খাবারের ভাতা রয়েছে।
সোমবার দুটি ব্যাচের প্রশিক্ষণে অংশ নেন ১৬টি বিদ্যালয়ের ৮০ জন। এর আগে তিন দিনে প্রতিদিন ৩২টি বিদ্যালয়ের ১৬০ জন একইভাবে প্রশিক্ষণ নিয়েছেন। প্রশিক্ষণ চলাকালে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা শিক্ষা কর্মকর্তার প্রতিনিধিদের পরিদর্শনের কথা রয়েছে। তাঁদের ভাতার ব্যবস্থাও আছে। প্রশিক্ষকদের জন্যও রয়েছে ভাতা। কিন্তু উপজেলা শিক্ষা কর্মকর্তা ছাড়া এই চার দিনের প্রশিক্ষণে কোনো প্রশিক্ষক ছিলেন না।
উজান তাহিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দুটি পাকা ভবন রয়েছে। একটি একতলা, অন্যটি দোতলা। সোমবার দুই ভবনের দুটি কক্ষে প্রশিক্ষণের কাজ চলছিল। উপজেলা শিক্ষা কর্মকর্তা ছাড়া সেখানে আর কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। নিচতলার পাকা ভবনের কক্ষে ওই কর্মকর্তা বক্তব্য দেওয়ার পরই দুপুর সোয়া ১২টার দিকে প্রশিক্ষণার্থীরা বের হয়ে আসেন। এরপর তিনি যান দোতলার কক্ষে। সেখানে ইতিমধ্যে স্বাক্ষর নেওয়ার কাজ শেষ। তিনি মিনিট দশেকের একটি বক্তব্য দেওয়ার পর সেখানেও প্রশিক্ষণ কার্যক্রম শেষ হয়ে যায়। বিদ্যালয় প্রাঙ্গণ ও সামনের রাস্তায় প্রশিক্ষণে অংশ নেওয়া অন্তত ১২ জনের সঙ্গে এই প্রতিবেদকের কথা হয়। তাঁরা জানান, সকাল সাড়ে ১০টায় প্রশিক্ষণ শুরু হওয়ার কথা ছিল। অনেকেই সময়মতো আসতে পারেননি। বেলা একটার আগে আবার প্রশিক্ষণ শেষ হয়ে গেছে। কথার একপর্যায়ে এক অভিভাবক প্রতিনিধি বলেন, ‘রোজার দিনও আবার কিতার প্রশিক্ষণ। আমারে মাস্টার সাবে খইছনই আইতাম আর যাইতাম। কাগজপত্রে তো দস্তখত দিছিই, এখন তারা দুই দিন অইছে লেকিলিবানে।’
লাকমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুস সামাদের বক্তব্য হলো, দুই দিনের প্রশিক্ষণে তাঁদের যা বোঝানোর কথা ছিল তাঁরা এক দিনের এক বেলাতেই সেগুলো বুঝে নিয়েছেন।
বেলা সোয়া একটার দিকে নিজ কার্যালয়ে কথা হয় উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) গোলাম রাব্বী জাহানের সঙ্গে। দুই দিনের প্রশিক্ষণ এক বেলাতেই শেষ হওয়ার বিষয়ে জানতে চাইলে তিনি এটিকে প্রশিক্ষণ বলতে রাজি হননি। তিনি বলেন, প্রতিটি বিদ্যালয় উন্নয়নের বরাদ্দের টাকা অ্যাকাউন্টে চলে গেছে এই বিষয়টি অবহিত করার জন্যই তাঁদের ডাকা হয়েছিল। এ বিষয়ে প্রশিক্ষণ হবে পরে, এখন শুধু স্বাক্ষর রাখা হয়েছে। জুন মাসের মধ্যেই প্রশিক্ষণের বরাদ্দের অর্থ সমন্বয় করতে হবে। এ কারণেই এটা করা হয়েছে। এটা জেলার অন্যান্য স্থানেও হচ্ছে। ভাতা প্রদানের বিষয়ে তিনি বলেন, আসা-যাওয়ার ভাড়া তো দিতে হবে।
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. হযরত আলী প্রথম আলোকে বলেন, ‘এই প্রশিক্ষণ দুই দিন হওয়ার কথা। আমি খোঁজ নিয়ে দেখব।’ প্রশিক্ষণে কোনো প্রতিনিধি পাঠিয়েছিলেন কি না, জানতে চাইলে ‘আমি বিষয়টি এখনই দেখছি’ বলে সংযোগ কেটে দেন তিনি।