দুই দিনের বিক্ষোভ সমাবেশের কর্মসূচি দিয়েছে বিএনপি
হরতাল চলাকালে দলীয় নেতা-কর্মীদের ওপর হামলা, নির্যাতন, গ্রেপ্তার ও মিথ্যা মামলার প্রতিবাদে বিএনপি দুই দিনের কর্মসূচি দিয়েছে।কর্মসূচি অনুযায়ী আজ সোমবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও কাল মঙ্গলবার সারা দেশে জেলা-উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয় কার্যালয়ে গতকাল রোববার হরতাল-পরবর্তী সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে হরতাল পালন করেছে। তিনি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল না করার আহ্বান জানিয়ে বলেন, এর অন্যথা হলে বিএনপি লাগাতার কঠোর আন্দোলন কর্মসূচি দিতে বাধ্য হবে।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হরতাল সফল করার জন্য দলীয় নেতা-কর্মী ও দেশবাসীকে অভিনন্দন জানান। তিনি অভিযোগ করেন, হরতাল বানচাল করতে সরকার বিএনপির নেতা-কর্মীদের ওপর অন্যায় আচরণ করেছে। গতকালের হরতালে ঢাকায় প্রায় ২০০ এবং দেশের অন্যান্য স্থানে আরও প্রায় সাড়ে ৪০০ নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া র্যাব-পুলিশ ও সরকার সমর্থকদের হামলায় সারা দেশে আহত হয়েছে চার শতাধিক নেতা-কর্মী। এর মধ্যে ঢাকায় আহত নেতা-কর্মীর সংখ্যা প্রায় দেড় শ।সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমান প্রমুখ উপস্থিত ছিলেন।