গত দুই দিনের বৃষ্টিতে কুমিল্লা নগর ও এর আশপাশের বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। কখনো টানা মুষলধারে বৃষ্টি, কখনো ক্ষণে ক্ষণে বৃষ্টিতে নগরের বিভিন্ন সড়ক গড়িয়ে ব্যবসাপ্রতিষ্ঠান, শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে পানি ঢুকে পড়ে। এতে নাগরিক দুর্ভোগ প্রকট আকার ধারণ করেছে। পানিবন্দী হয়ে পড়েছেন হাজারো মানুষ, তাঁরা জলাবদ্ধতায় নাকাল৷
এদিকে, জলাবদ্ধতার কারণে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ধর্মপুর ডিগ্রি শাখার সব ক্লাস আগামী বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। ওই কলেজের ভেতরে ও সামনের সড়কে কোমরপানি রয়েছে।
গতকাল দুপুরে সরেজমিনে দেখা গেছে, নগরের বাদুড়তলা এলাকার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত সড়ক, স্টেডিয়াম এলাকা, বাগিচাগাঁও জেলা পরিষদ বাংলো সড়ক, ডায়াবেটিক হাসপাতাল, জিলা স্কুল সড়ক, বিষ্ণুপুর, রেসকোর্স, অশোকতলা, বিসিক শিল্পনগর, মনোহরপুর, কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের নওয়াব ফয়জুন্নেছা ছাত্রীনিবাস ও কলেজের সব ভবন, কুমিল্লা সরকারি মহিলা কলেজ, কুমিল্লা টাউন হল মাঠ, কুমিল্লা ক্লাব, ডিসি রোড, দক্ষিণ চর্থা, কালিয়াজুরি ও চকবাজার এলাকায় পানি থই থই করছে। সড়কের দুই পাশের নালা উপচে পানি দোকানপাট, কার্যালয় ও বাড়িতে ঢুকে পড়েছে। তা ছাড়া, সড়কে খানাখন্দ থাকায় যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়েছে। স্টেডিয়াম এলাকার একাধিক ইলেকট্রনিকস ব্যবসায়ী জানান, নালা দিয়ে পানি প্রবাহিত না হওয়ার কারণে দোকানের ভেতরে পানি ঢুকে মূল্যবান সামগ্রী নষ্ট হচ্ছে। দীর্ঘদিন যাবৎ এ অবস্থা চলছে। সিটি করপোরেশন কোনো ব্যবস্থা না নেওয়ায় সামান্য বৃষ্টিতেই ভোগান্তি পোহাতে হয়।
কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের উপাধ্যক্ষ মো. আবদুর রশীদ বলেন, দুই দিনের বৃষ্টিতে কলেজের সব ভবনের নিচতলায় পানি ঢুকে পড়েছে। এ কারণে বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখা হয়েছে।
কুমিল্লা সরকারি মহিলা কলেজের শিক্ষক জামাল নাছের জানান, জলাবদ্ধতায় পানিবন্দী হয়ে পড়েছে ছাত্রীনিবাসের শিক্ষার্থীরা। পুরো কলেজই পানিতে তলিয়ে আছে।
কুমিল্লা সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, নগরে ১৭০ দশমিক ৯৬ কিলোমিটার নালা রয়েছে। এর মধ্যে ১০৫ দশমিক ৪৬ কিলোমিটার কাঁচা, ৬৫ দশমিক ৫০ কিলোমিটার পাকা ও ১৭ দশমিক ৫০ কিলোমিটার খাল রয়েছে। এসব নালায় ময়লা-আবর্জনা ফেলে রাখার কারণে পানি সরতে পারছে না। তার ওপর খালগুলোর ওপরে ব্যক্তিগত কালভার্ট বানিয়ে পানিপ্রবাহে বাধা তৈরি করা হচ্ছে।
নগরের উত্তর চর্থা এলাকার বাসিন্দা ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা কুমিল্লার সভাপতি নাজমুল আলম চৌধুরী বলেন, নালা বন্ধ করে সিটি করপোরেশনের বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণ, নতুন করে নালা তৈরি না করা ও অপরিকল্পিত ভবন নির্মাণের কারণেই কুমিল্লায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শহরের পানি নামার সব পথ রাজনৈতিক ছত্রচ্ছায়ায় বন্ধ হয়ে যাওয়ায় নগরবাসী এত বড় দুর্ভোগে পড়েছে।
কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী শেখ মো. নূরুল্লাহ বলেন, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন কাজ করে যাচ্ছে। সীমিত অর্থ ও জনবল দিয়ে প্রতিনিয়ত নালাগুলো পরিষ্কার করা হচ্ছে। কিন্তু নালার মধ্যে ময়লা আবর্জনা ও মৌসুমি ফলের খোসা ফেলে একশ্রেণির লোক পানির প্রবাহ বন্ধ করে দিচ্ছে। বেশি পরিমাণ বৃষ্টি হওয়ার কারণে পানি জমে জলাবদ্ধতা তৈরি হয়েছে।
মেয়র মো. মনিরুল হকের মুঠোফোনে গতকাল বিকেলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করে সেটি বন্ধ পাওয়া গেছে। সিটি করপোরেশন সূত্রে জানা গেছে, তিনি দেশের বাইরে অবস্থান করছেন। প্যানেল মেয়র-১ আহমেদ শোয়েবের মুঠোফোনও বন্ধ পাওয়া গেছে।