দুই দিনের বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিচুএলাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই দিনের বৃষ্টিতে চট্টগ্রাম নগরের নিচু এলাকায় আবার জলাবদ্ধতা দেখা দিয়েছে। বর্ষা এলে নগরের এসব এলাকা মাঝারি থেকে ভারী বৃষ্টিতে বারবার তলিয়ে যায়।

নগরবাসীর দুর্ভোগ নিরসনে জলাবদ্ধতা দূর করার প্রতিশ্রুতি দিয়ে চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে জয়ী হয়েছিলেন মোহাম্মদ মন্জুর আলম। তবে এ জলাবদ্ধতা নিরসনে তিনি উদ্যোগ নিয়েছেন সামান্যই। স্বল্পমেয়াদি উদ্যোগের অংশ হিসেবে নালা-নর্দমা পরিষ্কার করে জলাবদ্ধতা নিরসনের চেষ্টা চালাচ্ছে করপোরেশন। কিন্তু দীর্ঘমেয়াদি কোনো প্রকল্প আলোর মুখ দেখছে না।

সরেজমিনে দেখা গেছে, গত শনি ও গতকাল রোববার বৃষ্টিতে নগরের বাকলিয়া, চাক্তাই, আগ্রাবাদ এক্সেস সড়ক, হালিশহর, মুরাদপুর, বহদ্দারহাট, প্রবর্তক মোড়, ষোলশহর, শুলকবহর, চকবাজার, কার্পাসগোলাসহ নগরের বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এসব এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি হয়েছে। মাত্র আধা ঘণ্টার বৃষ্টিতে তলিয়ে যায় এসব এলাকা। নগরের বাদুড়তলা জঙ্গি শাহ মাজার এলাকার বাসিন্দা ইউনুছ বলেন, ‘আমাদের এখানে নালা পরিষ্কার করা হলেও আবর্জনা নালার পাড়ে রেখে দেওয়া হয়। পরে ওই আবর্জনা আবার বৃষ্টির সঙ্গে নালায় গিয়ে পড়ে।’ অভিযোগ উঠেছে, জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশন প্রতিবছর কেবল নালা-নর্দমা পরিষ্কার করার কাজই করে যাচ্ছে। খাল ও নালা খনন করা হয় না।

খোঁজ নিয়ে জানা গেছে, এবার নতুন করে বহদ্দারহাট এলাকার দুটি স্থানে চাক্তাই খালের সঙ্গে ডোম খালের সংযোগ করার কাজ করা হচ্ছে। তবে দীর্ঘমেয়াদি প্রকল্পভুক্ত নতুন খাল খনন এখনো ঝুলে রয়েছে। জলাবদ্ধতার কথা স্বীকার করে মেয়র মন্জুর আলম বলেন, ‘জোয়ার ও বৃষ্টির পানি একসঙ্গে মিলে নগরে জলাবদ্ধতা দেখা দেয়। জলাবদ্ধতা নিয়ে আমরা কিছু স্বল্পমেয়াদি কাজ করেছি। বিভিন্ন খালের মুখে স্লুইসগেট নির্মাণের কাজ চলছে। জলাবদ্ধতা আগের চেয়ে কিছুটা কমেছে।’ তিনি আরও বলেন, ‘দীর্ঘমেয়াদি প্রকল্পের অংশ হিসেবে দুটি বড় খাল খননের বিষয়টি অনেক দূর এগিয়েছে।’