দুই দিনের ব্যবধানে কমলগঞ্জে আরেকটি লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় গতকাল শনিবার অজ্ঞাতপরিচয় এক যুবকের (২৮) লাশ উদ্ধার করেছে পুলিশ। এর আগে গত বৃহস্পতিবার অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪০) লাশ উদ্ধার করা হয়। এলাকাবাসী ও পুলিশ জানায়, উপজেলার আলীনগর ইউনিয়নের আলীনগর চা-বাগানের ১১ নম্বর প্লান্টেশন এলাকার একটি পাহাড়ি ছড়া থেকে গতকাল ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। আলীনগর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফজলুল হক জানান, চা-শ্রমিকদের কাছ থেকে তিনি ছড়ায় লাশের খবর পেয়ে পুলিশকে জানান। পরে উপপরিদর্শক (এসআই) সৈয়দ মাহমুদুর রহমান ওই ব্যক্তির লাশ উদ্ধার করেন। কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।