দুই দিনের রিমান্ড শেষে কারাগারে মান্নান
গাজীপুর সিটি করপোরেশনের (জিসিসি) সাময়িক বরখাস্ত মেয়র এম এ মান্নানকে নাশকতার মামলায় দুই দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল রোববার গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক তাহমিনা খানম তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, কালিয়াকৈর থানার নাশকতার একটি মামলায় জিজ্ঞাসাবাদের জন্য মান্নানকে শনিবার দুপুরে দুই দিনের রিমান্ডে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে কালিয়াকৈর থানায় নেওয়া হয়। কালিয়াকৈরে পুলিশ বহনকারী গাড়িতে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদ শেষে গতকাল দুপুরে তাঁকে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে আদালত তাঁকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে কালিয়াকৈরে আনসার একাডেমির পাশে গত ১৫ এপ্রিল সন্ধ্যায় মেয়র মান্নানের নির্দেশে তাঁর কর্মীরা পুলিশ বহনকারী একটি গাড়িতে পেট্রলবোমা ও ককটেল নিক্ষেপ করে গাড়িতে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেন বলে অভিযোগ রয়েছে। ওই ঘটনায় এম এ মান্নানসহ ২৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৩০-৩৫ জনকে আসামি করে এসআই মনিরুল ইসলাম কালিয়াকৈর থানায় মামলা করেন। ওই মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে ৪ মে এম এ মান্নানকে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালত-২-এ হাজির করা হয়। শুনানি শেষে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালতের বিচারক শহীদুল ইসলাম।