ইসলামী ফ্রন্ট নেতা ও টেলিভিশনে ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নূরুল ইসলাম ফারুকী হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া আরেক সন্দেহভাজন ইউসুফ মজুমদারকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিন রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল সোমবার ঢাকার মহানগর হাকিম ওয়ায়েজ কুরুনী খান এই রিমান্ড মঞ্জুর করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক জুলহাস উদ্দিন গতকাল ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় আটক দেখিয়ে ইউসুফ মজুমদারকে পাঁচ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত দুই দিন রিমান্ড মঞ্জুর করেন।
এর আগে এ মামলায় গ্রেপ্তার হওয়া মাহমুদা খাতুন (৪৫) ও শরীফুল ইসলামের (৩২) দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন একই আদালত। এই দুজনকে গত শনিবার নারায়ণগঞ্জের রূপগঞ্জের মুড়াপাড়া থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ।
গত ২৭ আগস্ট রাতে পূর্ব রাজাবাজারের বাড়িতে পরিবারের সবাইকে বেঁধে ইসলামী ফ্রন্টের সভাপতিমণ্ডলীর সদস্য নূরুল ইসলাম ফারুকীকে গলা কেটে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলা হয়েছে।