দুই দিনের রিমান্ডে তিনজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয় অন্ধ সংস্থার মহাসচিব এম কে খলিলুর রহমানের হত্যার ঘটনায় গ্রেপ্তার তিন দৃষ্টিপ্রতিবন্ধীকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। তাঁরা হলেন মিনহাজ উদ্দিন, সোহাগ হোসেন ও ইয়াকুব আলী।নিহত খলিলের স্ত্রী গাজী হাসিনা পারভীন গত রোববার রাতে বাদী হয়ে আইয়ুবসহ আটজন দৃষ্টিপ্রতিবন্ধীকে আসামি করে মামলা করেছেন। তাঁদের মধ্যে গ্রেপ্তার তিনজনকে রিমান্ডে নিয়েছে মিরপুর থানার পুলিশ।পুলিশ সূত্রে জানা গেছে, নিহত খলিলের স্ত্রী ও গ্রেপ্তার তিনজনের বক্তব্য অনুযায়ী হত্যাকাণ্ডে মূল ভূমিকা পালন করেছেন আইয়ুব আলী হাওলাদার। আইয়ুবও দৃষ্টিপ্রতিবন্ধী। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসীদের দিয়ে আইয়ুব এ ঘটনা ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে।মিরপুর থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার তিন প্রতিবন্ধী এ হত্যাকাণ্ডে তাঁদের সম্পৃক্ততার কথা অস্বীকার করেছেন। তবে এ ঘটনায় আইয়ুব জড়িত থাকতে পারেন বলে তাঁরা সন্দেহ করছেন।তদন্তসংশ্লিষ্ট ব্যক্তিরা বলেন, মোটা অর্থের বিনিময়ে ভাড়াটে সন্ত্রাসীরা খলিলকে হত্যা করেছে। এ জন্য ওপর থেকে কলকাঠি নেড়েছেন কেউ একজন। খলিলকে পরিকল্পিতভাবে ডেকে আনা হয়েছে আইয়ুবের বাসায়। সেখানে আগে থেকে প্রস্তুত ছিল সন্ত্রাসীরা। দুই ঘাতক বয়সে তরুণ। তারা স্থানীয় কোনো সন্ত্রাসী গ্রুপের সদস্য বলে ধারণা করা হচ্ছে। তবে তাদের নাম-পরিচয় জানা যায়নি। গত শনিবার রাতে খলিলুর রহমানকে গুলি হত্যা করে সন্ত্রাসীরা।