দুই দিনের রিমান্ডে সেই দম্পতি

১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি উদ্ধারের মামলায় মাদক ব্যবসায়ী সিরাজুল ইসলাম ও তাঁর স্ত্রী সুমাইয়া সুলতানাসহ পাঁচজনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার ঢাকার মহানগর হাকিম মাহমুদা আক্তার এ আদেশ দেন।
মামলার অপর তিন আসামি হলেন কক্সবাজারের বাসিন্দা মো. শাকের, জসিম ও ঝালকাঠির মফিজুল।
মামলার তদন্তকারী কর্মকর্তা ভাটারা থানার উপপরিদর্শক (এসআই) মো. মনির হোসেন আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করেন। আবেদনে বলা হয়, আসামিদের সহযোগী, মাদক বিক্রয়ের ডিলারদের শনাক্ত, ইয়াবা সংগ্রহের জায়গা, পৃষ্ঠপোষকতাকারী এবং দোহার, নরসিংদী, যশোরসহ প্রত্যন্ত অঞ্চলে নিয়োজিত ডিলারদের কাছে থাকা মাদক উদ্ধারের জন্য আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা জরুরি। শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে একটি বাড়ির পাঁচতলার ফ্ল্যাট থেকে এই দম্পতিসহ পাঁচজনকে গ্রেপ্তার করে র্যাব-১-এর একটি দল। জব্দ করা হয় ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ি, রেজিস্ট্রেশনবিহীন একটি মাইক্রোবাস, মুঠোফোন ও ৬ হাজার ২০০ টাকা। র্যাব জানিয়েছে, জব্দ করা ১ লাখ ২০ হাজার ইয়াবা বড়ির মধ্যে ২০ হাজারটি জব্দ করা হয় ওই দম্পতির ফ্ল্যাটের একটি ব্যাগ থেকে। অবশিষ্ট এক লাখ ইয়াবা বড়ি মাইক্রোবাসে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ছিল। জব্দ করা এই মাদকের আনুমানিক মূল্য ২ কোটি ১৬ লাখ টাকা।
র্যাব জানায়, তাঁরা জিজ্ঞাসাবাদে জেনেছে, সিরাজুল ও সুমাইয়া দম্পতি বসুন্ধরার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন। একপর্যায়ে লোভে পড়ে এ ব্যবসায় জড়িয়ে পড়েন সিরাজুল। আর এ কাজে সহযোগিতা করেন তাঁর স্ত্রী। পরিকল্পনা অনুযায়ী সিরাজুল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারি এড়াতে বসুন্ধরার মতো একটি অভিজাত এলাকায় বাসা ভাড়া নিয়ে মাদক ব্যবসার কেন্দ্র স্থাপন করেন। ওই ফ্ল্যাটের ভাড়া দিতেন টেকনাফের দুই মাদক ব্যবসায়ী। এ ছাড়া মাদক বহনের জন্য ব্যবহৃত রেজিস্ট্রেশনবিহীন মাইক্রোবাসটির মালিক টেকনাফের ওই দুই মাদক ব্যবসায়ীর একজন।
বসুন্ধরার ওই বাসাটি মূলত মাদক ট্রানজিট ও বিতরণের জন্য ব্যবহার করা হতো। গ্রেপ্তার মফিজুল মাইক্রোবাসের চালক। মাইক্রোবাসটি মাদক পরিবহনে ব্যবহার করা হতো। আর যাত্রী বেশে মাদক পরিবহনের কাজ করতেন গ্রেপ্তার হওয়া শাকের ও জসিম।