
অধ্যাপক এ কে এম শফিউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জনকে দুই দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বুধবার রাজশাহী মুখ্য মহানগর হাকিম আদালতের বিচারক শারমিন আক্তার তাঁদের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ সূত্র জানায়, অধ্যাপক শফিউলের বাসা থেকে আটক ছাত্রীর এক বন্ধুকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। গতকাল দুপুরে জাহাঙ্গীর হোসেন নামের ওই যুবককে সিরাজগঞ্জের কাজীপুর থেকে আটক করা হয়। তিনি সিরাজগঞ্জে একটি বেসরকারি ব্যাংকে কর্মরত। তাঁর বাড়ি দিনাজপুরের বিরামপুর উপজেলায়। জাহাঙ্গীর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করেছেন।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, অধ্যাপক শফিউল হত্যা মামলায় গ্রেপ্তার ১১ জনকে ১০ দিনের রিমান্ডের জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু বিচারক শুনানি শেষে প্রত্যেকের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
এই ১১ জন হলেন বিনোদপুরের ইসলামিয়া কলেজের অধ্যক্ষ হুমায়ুন কবির, পল্লি চিকিৎসক মোশাররফ হোসেন, মাদ্রাসাশিক্ষক ফজলুল হক, শিক্ষক শফিউলের প্রতিবেশী মশিউর রহমান ও হাসিবুর রহমান, আবদুল্লাহ আল মাহমুদ, আরিফ, সাগর, জিন্নাহ, রেজাউল করিম ও সাইফুদ্দীন। তাঁরা সবাই জামায়াতে ইসলামী ও জঙ্গি সংগঠনের সঙ্গে জড়িত বলে পুলিশের দাবি।
আদালতে রিমান্ড আবেদনের শুনানির সময় আসামিপক্ষের অন্য আইনজীবীদের সঙ্গে আওয়ামী আইনজীবী পরিষদের একাংশের আহ্বায়ক একরামুল হকও ছিলেন। আসামিপক্ষে থাকার বিষয়ে তিনি বলেন, মশিউর ও হাসিবুর তাঁর মক্কেল। তাঁদের জন্যই তিনি শুনানিতে অংশ নিয়েছেন। কোনো রাজনৈতিক কারণে নয়।
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষক শফিউলকে গত শনিবার দুপুরে নগরের চৌদ্দপাই এলাকায় কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এন্তাজুল হক বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
ক্লাস বর্জন: রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির তিন দিনের ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি শেষে গতকাল আবারও ক্লাস-পরীক্ষা শুরু হয়েছে। তবে সমাজবিজ্ঞান বিভাগ ২৭ নভেম্বর পর্যন্ত তাদের সব ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা দিয়েছে। বিভাগের সভাপতি ওয়ারদাতুল আকমাম জানান, আজ বৃহস্পতিবার বেলা ১১টায় বিভাগে শোকসভা অনুষ্ঠিত হবে। সেখানে অধ্যাপক শফিউলের ছেলেও উপস্থিত থাকবেন।
মানববন্ধন: অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। গতকাল বেলা সাড়ে তিনটা থেকে রাজশাহী নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ঘণ্টাব্যাপী এ কর্মসূচিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ সংহতি জানান।
মানববন্ধনে বক্তারা বলেন, ঘটনার পাঁচ দিন পেরিয়ে গেলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখনো এ হত্যার রহস্য উদ্ঘাটন করতে পারেনি। দিনে দুপুরে এভাবে বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষককে কুপিয়ে হত্যার ঘটনা লজ্জার। দোষী ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি না হলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকবে।
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি বিশ্ববিদ্যালয় শাখাও মানববন্ধন করেছে। তারা খুনিদের দ্রুত গ্রেপ্তারের দাবির পাশাপাশি জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধও চেয়েছে। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ কর্মসূচি পালিত হয়। তাতে কমিটির কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মতিউর রহমান প্রমুখ অংশ নেন।
সমাবেশ: মতিহার থানা আওয়ামী লীগ অধ্যাপক শফিউল হত্যার প্রতিবাদে সমাবেশ করেছে। গতকাল বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন বিনোদপুরে এ বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি ছিলেন রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র ও মহানগর আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুজ্জামান। সমাবেশে যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরাও অংশ নেন।