দুই দিনের সফরে ঢাকা আসছেন চীনা উপপররাষ্ট্রমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চীনের উপপররাষ্ট্রমন্ত্রী লিউ ঝেনমিন ২৬ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসছেন। সফরের প্রথম দিনে তিনি পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন। এ ছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়াসহ রাজনীতিবিদদের সঙ্গে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করবেন তিনি।
ঢাকা ও বেইজিংয়ের কূটনীতিক সূত্র গতকাল রোববার প্রথম আলোকে জানিয়েছে, লিউ ঝেনমিন দুই দেশের পররাষ্ট্রসচিব পর্যায়ের দশম বৈঠকে যোগ দিতে ঢাকায় আসছেন। পরিস্থিতির কারণে তাঁর এ সফরে দ্বিপক্ষীয় সম্পর্কের চেয়ে বাংলাদেশের চলমান রাজনৈতিক সংকটের সমাধানের বিষয়টি বেশি গুরুত্ব পাবে।
কূটনৈতিক সূত্র বলেছে, ১৫ দিনের মাথায় ঢাকায় এটি চীনের কোনো কর্মকর্তার দ্বিতীয় সফর। চলমান রাজনৈতিক প্রেক্ষাপটে সফরটির তাৎপর্য রয়েছে। ১১ ডিসেম্বর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ দূত লুও ঝাওহুই দুই দিনের সফরে ঢাকায় আসেন। ওই সফরে তিনি প্রধানমন্ত্রী, বিরোধীদলীয় নেত্রী এবং জাতীয় পার্টির চেয়ারম্যান ছাড়াও জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তাদের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক ও রাজনীতি নিয়ে আলোচনা করেন।